হোম > স্বাস্থ্য

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু হাসপাতালের অবহেলায়: স্বাস্থ্যমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ্‌-দ্বীন হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলার বিষয়টি উঠে এসেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির চূড়ান্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়ে।

প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি দেখেছে যে আদ্‌-দ্বীন হাসপাতালের ভবনটি একটি আদর্শ হাসপাতাল পরিচালনার জন্য সম্পূর্ণ উপযোগী নয়। কমিটির সদস্যরা হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করে দেখেছেন, কক্ষটিতে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ ছিল। একই সাথে স্বাভাবিক ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় কক্ষের ভেতরে প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে যায়।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কক্ষের দায়িত্বে থাকা সব সেবিকা (নার্স), পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। সার্বিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণে দেখা গেছে, ওই সময়ে কর্তব্যরত সেবিকাদের দায়িত্ব পালনে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল।

আইন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আগামী রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

তদন্ত কমিটির প্রতিবেদন

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়; সংশ্লিষ্ট পোস্ট-অপারেটিভ কক্ষ- ২ পরিদর্শন শেষে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে যে, কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন না থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল। অন্যদিকে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল; কমিটি বলছে, কক্ষের দায়িত্বরত সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকদের বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, সেবিকাদের দায়িত্বে ‘চরম অবহেলা ও অসহযোগিতা’ ছিল।

নবজাতকের আকস্মিক শারীরিক অবনতির সময় হাসপাতালে সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না; প্রতিবেদনে বলা হয়, অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকেন। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় বা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি; প্রায় ৯০০ বর্গফুটের ওই কক্ষে সে সময় ১১ জন রোগী, নবজাতক এবং রোগীর স্বজনসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি।

তদন্ত কমিটি বলছে, হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তাবলি পালনে ‘সক্ষম ছিলেন না’।

উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতাল একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান ‘আদ্-দ্বীন ফাউন্ডেশন’-এর মালিকানাধীন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।

হাম ও উপসর্গে মারা গেল আরও ৪ জন, মৃত্যু বেড়ে ৬০৫

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের, মোট মৃত্যু ৬০০ ছাড়াল

মহাখালীর হাসপাতালপাড়া: সন্ত্রাসী চক্রের দাপটে আতঙ্কে চিকিৎসকেরা

হামের প্রাদুর্ভাব: ছোটমণি নিবাসেও হামের থাবা

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের, মোট মৃত্যু ৬০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ক্যানসার চিকিৎসায় নতুন আবিষ্কার, টিকায় নির্মূল হবে টিউমার

কেমোথেরাপি ছাড়াই হতে পারে স্তন ক্যানসারের চিকিৎসা, নতুন পদ্ধতি আবিষ্কার