হামের উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৪৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর ৫৬ জনের হাম শনাক্ত হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৫১২ জন। এরপর সিলেটে ২০৩ জন, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৯, খুলনায় ৫৬ ও রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।