হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০৫৬

আজকের পত্রিকা ডেস্ক­

বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পিরোজপুরে। এ জেলার সব উপজেলায় কম-বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। গতকাল পিরোজপুর জেলা হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

দেশে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬ জন। এ হিসাব আজ শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭৬ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৪৪, চট্টগ্রামে ১০৩, খুলনায় ১৯৯, ময়মনসিংহে ৪৮, রাজশাহীতে ৭৩ ও রংপুরে ৪৭ ও সিলেটে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৫০ হাজার ২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৬ হাজার ৬৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১৩৪ জন ভর্তি আছে।