হামের প্রাদুর্ভাবের মধ্যেই সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম দশ দিনেই ৪২ জনের মৃত্যু হলো। একই সময়ে মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৯২ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৪২ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫১ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৩২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮, চট্টগ্রামে ২০২, খুলনায় ২৮৪, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ১২২, রংপুরে ৫৪ ও সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।