হোম > ফ্যাক্টচেক > দেশ

শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত

ফ্যাক্টচেক ডেস্ক

শুভেন্দু অধিকারীর সাথে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে ছড়ানো ছবি। ছবি: স্ক্রিনশট

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে আশ্রিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী নিজ বাড়িতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি তাঁদের সাম্প্রতিক সাক্ষাতের ছবি।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

এই দাবিতে ইনস্টাগ্রামে পোস্ট আছে এখানে, এখানে

Akm Shamim Osman’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১১ মে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়েছে। শেয়ার করা পোস্টটিতে আজ (১৫ মে) বেলা ১টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় ৩ হাজার ৬০০ রিঅ্যাকশন, ২৭৩ কমেন্ট ও ৬৫টি শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছবিটি পর্যবেক্ষণ করলে একটি ঘরের ভেতরে শুভেন্দু অধিকারীসহ কয়েক ব্যক্তির সঙ্গে শেখ হাসিনাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে পোস্টটিতে ছবিটি কবে, কোথায় ও কখন তোলা হয়েছে তার কোনো উল্লেখ নেই।

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন কিংবা তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Biplab Kumar Deb’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৫ সালের ৩০ জুন শেয়ার করা একটি পোস্টের ছবির সঙ্গে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে ইংরেজিতে লেখা, ‘কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শ্রী শুভেন্দু অধিকারীজির সঙ্গে দেখা হলো। রাজ্যে নারীর সুরক্ষা এবং সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনাটি নিয়ে গভীর আলোচনা হয়েছে।’ পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, বিপ্লব কুমার দেব ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

Biplab Kumar Deb- এর ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

তবে বিপ্লব কুমার দেবের প্রকাশিত ওই গ্রুপ ছবিতে শেখ হাসিনা নেই। আলোচিত ছবিতে শেখ হাসিনাকে যে স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সেখানে ভিন্ন এক ব্যক্তিকে দেখা যায়। তবে ছবিটির পেছনের দেয়াল, ঘরের সাজসজ্জা এবং পাশে দাঁড়ানো ব্যক্তিদের অবস্থানের সঙ্গে ভাইরাল ছবিটির হুবহু মিল রয়েছে।

একই ছবি বিপ্লব কুমার দেবের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও খুঁজে পাওয়া যায়।

এর ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ছবিটি পর্যবেক্ষণ করলে শেখ হাসিনার অবস্থানের সঙ্গে ছবির অন্যদের অবস্থানের অসংগতি স্পষ্ট। ছবিতে সবাইকে এক সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও শেখ হাসিনাকে সামনের দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সিদ্ধান্ত

শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। ২০২৫ সালে কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাক্ষাতের একটি ছবিতে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে শেখ হাসিনার ছবি বসিয়ে এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ঘটনা একই, দুই বছরের ব্যবধানে পাল্টে গেল ভুক্তভোগী-অভিযুক্তের ধর্মপরিচয় ও দেশ

চুরির অভিযোগে নির্যাতনের ভিডিও ‘ছাত্রলীগ করার অপরাধে মারধর’ দাবিতে প্রচার

ভারতে প্রেমিক যুগলের মারামারির ঘটনাকে ঢাবির কথিত হল সমন্বয়ক সিনথিয়ার মাতলামি দাবিতে প্রচার

ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের ভিডিওটি ২০২৪ সালের

পাকিস্তানের ঘটনাকে চট্টগ্রামে হিন্দু তরুণীকে অপহরণ দাবিতে প্রচার

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: নমুনা সংগ্রহের আগেই ডিএনএ টেস্টের প্রতিবেদন নিয়ে হইচই

সিলেটে আ.লীগ নেতাকে হত্যা দাবিতে ময়মনসিংহে দীপু দাস হত্যার ভিডিও প্রচার

শূকরের মাংস আমদানি নিয়ে আজহারী-আহমাদুল্লাহ-হামজার নামে ভুয়া বক্তব্য প্রচার

ভারতে ২০১২ সালের খরার ছবি দিয়ে বাংলাদেশে সেচ সংকটের দাবি আ.লীগের পেজে

রাস্তায় বোরকা পরা নারীকে হেনস্তার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের