হোম > ফ্যাক্টচেক > দেশ

১০ বছর আগে হিন্দুদের ধর্মান্তরে আ.লীগ নেতার বিতর্কিত বক্তব্য বিএনপি নেতার নামে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

হিন্দুদের মুসলমান বানাতে চট্টগ্রামের বিএনপি নেতার নির্দেশ—দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

চট্টগ্রামের বিএনপি নেতা হুজুরদের নির্দেশ দিচ্ছেন দু-চারটা হিন্দুকে ধরে মুসলমান বানাতে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এখানে , এখানে এবং এখানে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত শুক্রবার (২২ মে) আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। শেয়ার করা ওই ভিডিও আজ মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টা পর্যন্ত এক লাখের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটি ৩ হাজার ১০০টি রিঅ্যাকশন, ৪৮৫টি কমেন্ট ও ৬৯৮ বার শেয়ার হয়েছে।

রবীন্দ্র নাথ বর্মন’ নামের একটি অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘চট্টগ্রামের বিএনপি নেতা হুজুরদের নির্দেশ দিচ্ছেন দুই-চারটা হিন্দুকে ধরে মুসলমান বানাতে। হিন্দুরা হলো কাফের, কাফেরদের কি মুসলিম বানানো সঠিক হবে।’

শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করে সাম্প্রদায়িক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ৩০ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও টুপি পরা একজন ব্যক্তি তাঁর সামনে থাকা সাদা টুপি ও বড় দাড়িওয়ালা এক বয়স্ক ব্যক্তির উদ্দেশে বলছেন, ‘আপনি দেশে দেশে আসতেছেন, দৌড়াইতেছেন, ভালো করতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের তাবলিগ থেকে আমাদের সাঈদী সাহেব, উনি জামায়াতে ইসলামী হইলেও অনেক হিন্দুকে মুসলমান বানাইছে, এটা সত্যি। কিন্তু আপনারা তাবলিগ জামাত থেকে একটা হিন্দুকেও মুসলমান বানাতে পারেন নাই এখনো।’

এর উত্তরে ওই বয়স্ক লোক বলেন, ‘এমন হয়তো অনেক জায়গায়।’ তখন সাদা টুপি ও পাঞ্জাবি পরা ওই ব্যক্তি আবার বলেন, ‘হইলে হবে এমন না। আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। দুই-চারটা হিন্দুকে মুসলমান বানান।’ এ সময় সামনে থাকা বয়স্ক ব্যক্তিকে ‘আলহামদুলিল্লাহ’ বলে তাঁর সঙ্গে হাসিমুখে হ্যান্ডশেক করতে দেখা যায়।

তবে ভিডিওতে চট্টগ্রামের বিএনপি নেতার কথা বলা হলেও তিনি চট্টগ্রামের কোন এলাকার নেতা, তাঁর নাম-পরিচয় কিংবা তিনি কোথায়, কবে এই কথা বলেছেন—সে সম্পর্কে কোনো তথ্য ভিডিওতে বা শেয়ার করা অ্যাকাউন্টগুলোর কোথাও পাওয়া যায়নি।

পরে ঘটনার প্রকৃত উৎস জানতে ভিডিওর কয়েকটি গুরুত্বপূর্ণ কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০১৬ সালের ২৮ আগস্টে ভারতীয় গণমাধ্যম Scroll.in-এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘Union council chairman in Bangladesh caught on camera asking Muslim group to convert Hindus to Islam’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

Scroll.in-এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ২০১৬ সালের আগস্ট মাসের। সে সময় বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যানকে তাবলিগ জামাতের একটি দলের উদ্দেশে এই বিতর্কিত বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।

সে সময় ভিডিওর সত্যতা স্বীকার করলেও চেয়ারম্যান হারুনুর রশীদ দাবি করেছিলেন, তাঁর মূল ১৫ মিনিটের বক্তব্যটি কেটে কেবল একটি নির্দিষ্ট অংশ ছড়িয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তবে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে তৎকালীন ওই আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছিল।

ঢাকা ট্রিবিউনের ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ওই প্রতিবেদনে দেশীয় গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২৭ আগস্টে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ‘Chittagong UP Chairman for converting Hindus’ শিরোনামের ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে বর্তমানে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে।

সিদ্ধান্ত

২০১৬ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদের বিতর্কিত বক্তব্যের ভিডিওকে চট্টগ্রামের বিএনপি নেতার নামে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

রোগীকে ধর্ষণের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার, ধর্ষককে আদালতে গুলির দাবিটিও ভুয়া

মানিকগঞ্জে চুরির ঘটনাকে কুড়িগ্রামে আ. লীগ নেত্রীকে নির্যাতন বলে প্রচার

কারিনা কায়সারের কবরে সাপ? ভাইরাল ভিডিওটি পুরোনো

কলকাতায় বাংলাদেশিদের উচ্ছেদ ভেবে হিন্দুত্ববাদীদের উল্লাস, আসলে ভিডিওটি যশোরের

মাশরাফির বাড়ি পোড়ানো নিয়ে নাহিদ ইসলামের নামে বানোয়াট বক্তব্য প্রচার

‘মোশাররফ হোসেনের জানাজায় জনতার ঢল’ দাবিতে প্রচারিত ছবিগুলো ৯ বছর আগের

গরু জব্দ নিয়ে উত্তেজনাকে বিএসএফের ওপর ‘মুসলিমদের হামলা’ বলে প্রচার করছে ভারতীয়রা

প্রতিবন্ধী ভাতা বন্ধের দাবিটি সঠিক নয়

‘৫১% সমর্থন পেলে আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার’— স্পিকার নামে বানোয়াট ফটোকার্ড

শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত