‘শিশুর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল গরু! ভিডিও ভাইরাল’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে; অনেক ব্যবহারকারী এটিকে বাস্তব ঘটনা মনে করে শেয়ার ও প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই (১, ২, ৩) নয়, জাতীয় দৈনিক ইনকিলাব , বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজসহ কিছু অনলাইন প্ল্যাটফর্মেও (১, ২) ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। ফলে বিষয়টি সাধারণ ব্যবহারকারীদের আগ্রহ তৈরি করেছে।
‘ট্রেন আসার আগে গরুর ধাক্কায় বাঁচলো ছোট্ট মেয়ে’ শিরোনামে ‘News10’ নামের একটি পেজ থেকে ১৬ এপ্রিল বেলা ৩টা ৪৫ মিনিটে একটি ভিডিও শেয়ার করা হয়। শেয়ার করা ১৩ সেকেন্ডের ভিডিওটি ১৭ এপ্রিল বিকেল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি— প্রায় ১৪ লাখ বার দেখা হয়েছে। এতে প্রায় ২৬ হাজার রিয়েকশন, ৪৮০ কমেন্ট এবং ২ হাজার ৯০০ শেয়ার রয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট বিশ্লেষণে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, একটি ফ্রক পর একটি মেয়ে শিশু রেললাইনের খুব কাছে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় একটি দ্রুতগামী ট্রেন ধেয়ে আসে। এমন পরিস্থিতিতে হঠাৎ একটি গরু দৌড়ে এসে শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফলে শিশুটি রক্ষা পায়।
তবে ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে কিছু অস্বাভাবিক বিষয় চোখে পড়ে। প্রায় ৭ সেকেন্ডের দিকে দেখা যায়, গরুটি দৌড়ে এসে শিশুটিকে মাথা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু এ সময় গরুটির মাথা ট্রেনের ইঞ্জিনের কিছুটা সামনে চলে গেলেও সেটিকে অক্ষত দেখা যায়। দ্রুতগামী ট্রেন হলেও শিশু বা গরুটিকে ছিটকে পড়তে দেখা যায় না।
এ ছাড়া শিশুটিকে শুরু থেকেই নির্বিকার দেখা যায়। শুরুতে দ্রুতগামী ট্রেনটি হুইসেল বাজিয়ে কাছাকাছি চলে এলেও শিশুটিকে পেছন ফিরে স্থির দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার ট্রেনটি চলে যাওয়ার পরও শিশুটিকে পেছন ফিরে নির্বিকার বসে থাকতে দেখা যায়। এ ছাড়া, ভিডিওতে ট্রেনের হুইসেল এবং লাইন ও চাকার ঘর্ষণের শব্দ শোনা গেলেও গরু বা শিশুটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো শব্দ শোনা যায় না।
আরেকটি বিষয় হলো, ভিডিওতে দেখা ট্রেনটি দেখতে ভারতের ট্রেনের মতো মনে হলেও এতে মাত্র চারটি বগি দেখা যায়, যা সাধারণ ট্রেনের তুলনায় অস্বাভাবিক।
ভিডিওটির সত্যতা যাচাই করতে একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলেও জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন কাংবা তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে ‘mojilo_vandro’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৫ এপ্রিল ওই অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। এ ছাড়া অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট শেয়ার করার জন্য পরিচিত।
ভিডিওটি এআই-নির্মিত কি না তা নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Moderation’-এর সহায়তা নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশ।
এআই ইমেজ
ভাইরাল ভিডিওর এআই পরীক্ষা। ছবি: স্ক্রিনশট
সিদ্ধান্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘শিশুর প্রাণ বাঁচাতে গরুর ঝাঁপিয়ে পড়ার’ ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।