কানাডার কিংসটনে গত ২৭ মে একাধিক ঈদের জামাত ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহা উদ্যাপন করেছেন।
দিনটি কার্যদিবস হওয়ায় শহরের মসজিদে সকালেই ঈদ জামাতের ব্যবস্থা করা হয়। কিংসটন শহরের প্রধান মসজিদে জামাত হয় সকাল সাড়ে ৭টায়। মুসল্লিদের পর্যাপ্ত স্থানসংকুলানের জন্য পরে সকাল ৯টায় ও সাড়ে ১০টায় আরও দুটি জামাতের ব্যবস্থা ছিল।
কিংসটন শহরের পূর্ব প্রান্তে মিলিটারি বেজ, রয়্যাল মিলিটারি কলেজ এবং তৎসংলগ্ন এলাকার ছাত্র, শিক্ষক ও বাসিন্দাদের জন্য মালটি-ফেইথ চ্যাপেলে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের এসব জামাতে মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মুসলিম দেশের বিভিন্ন জনগোষ্ঠী ও সংস্কৃতির মানুষ নিজ নিজ পোশাকে উপস্থিত ছিলেন। অনেকেই সৌজন্যমূলক খাদ্য বিতরণ করেন।
পশু কোরবানির জন্য স্থানীয় খামারগুলোয় অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা ছিল। অনেকেই আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে বিশ্বের দরিদ্র ও নিপীড়িত জনগোষ্ঠীর কাছে কোরবানির মাংস বিতরণের উদ্যোগ নিয়েছেন।
ঈদের দিন বিকেলে স্থানীয়ভাবে বাংলাদেশি পরিবারগুলো যৌথ উদ্যোগে বাড়ির উঠানে ঈদ-পুনর্মিলনের আয়োজন করে। সেখানে বাঙালি নারীদের হাতে প্রস্তুত দেশীয় স্বাদের নানা খাদ্য ও মিষ্টান্নের সমাহার ছিল। শিশুদের জন্যও পৃথক খেলার ব্যবস্থা রাখা হয়।