প্রশ্ন: প্রথমবার বাংলাদেশে এসে কেমন লাগছে?
হিল্টন ডিওন অ্যাকারম্যান: এখানে আসার কথা শুনে মনের মধ্যে অন্য রকম উত্তেজনা কাজ করছিল। আমি শ্রীলঙ্কায় কিছু কাজ করেছি (ধারাভাষ্য)। অসাধারণ জায়গা, এখানকার মানুষজন দারুণ। বাংলাদেশকে টেস্টে ভালো করতে দেখা ভালো ব্যাপার। এখানে রাসেল ডমিঙ্গো, অ্যালান ডোনাল্ডকে ব্যক্তিগতভাবে চিনি। খেলোয়াড়ি জীবনে রাসেল আমার কোচ ছিল, দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আমি ডোনাল্ডের সঙ্গে খেলেছি। এখানে আসার ব্যাপারটা তাই আরও বিশেষ রূপ নিয়েছে। তাদের কাজ দেখতে পারছি। খেলা শেষে দেখা হওয়ার ব্যাপার তো আছেই।
প্রশ্ন: ডমিঙ্গো-ডোনাল্ডের কথা বলছিলেন। বাংলাদেশ কোচিং প্যানেলে দক্ষিণ আফ্রিকানদের দাপট দেখতে নিশ্চয়ই ভালো লাগে?
অ্যাকারম্যান: আমি সব দক্ষিণ আফ্রিকানের জন্যই গর্বিত। যখন দেখি, অন্য দেশগুলো দক্ষিণ আফ্রিকানদের সঙ্গে কাজ করতে আগ্রহী, এটা আমার জন্য আরও গর্বের ব্যাপার। রাসেলের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল আমার খেলোয়াড়ি জীবনেই। তার উন্নতি দেখতে ভালো লাগছে। তখনই মনে হয়েছিল, সে একদিন আন্তর্জাতিক কোচ হবে। খেলাটা হৃদয় দিয়ে ভালোবাসে। সবার মনে ধরার মতো এক ব্যক্তিত্ব। অ্যালানের ক্ষেত্রেও একই কথা বলব—দুর্দান্ত এক ফাস্ট বোলার, যে কারও জন্য অনুপ্রেরণার। বাংলাদেশে অনেক তরুণ ফাস্ট বোলার রয়েছে। আরও উঠে আসছে। তাদের জন্য অ্যালানের মতো কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার। সময়টা কাজে লাগাবে তারা। অ্যালানের জ্ঞানের ভান্ডার তাদের শুধু সমৃদ্ধিই করতে পারে।
প্রশ্ন: গত মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর অনেক প্রোটিয়া কিংবদন্তি প্রশংসায় ভাসিয়েছে বাংলাদেশকে। এটি নিয়ে আপনার বিশ্লেষণ কী?
অ্যাকারম্যান: এটা অবিশ্বাস্য! খুব বেশি দল দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে ফিরতে পারেনি। সেখানে তাদের হারানো খুবই কঠিন কাজ। দক্ষিণ আফ্রিকার উইকেটে খেলার অনভ্যস্ত বাংলাদেশের জন্য তো আরও কঠিন। ভুলতে না পারার মতো এক অর্জন।
প্রশ্ন: ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছে।
অ্যাকারম্যান: এটা বড় এক অর্জন। এখানে ভালো করা ক্রিকেটাররা জাতীয় দলে আসা শুরু করেছে। এই তরুণেরা জাতীয় দলের উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে। ভালো পরিচর্যায় আরও পরিণত হবে তারা। শুধু দরকার ছিল বিশ্বমানের কোচ। ডমিঙ্গো, ডোনাল্ড, সিডন্সদের মতো কোচ বাংলাদেশ পেয়েও গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টেও তারা চালকের আসনে আছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর সময়। এ টেস্টের ভবিষ্যৎ এখনো বলা যাচ্ছে না। তবে আমি নিশ্চিত, এখান থেকে তারা আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় যেতে পারবে।
প্রশ্ন: ওয়ানডেতে ভালো করলেও টেস্টে বাংলাদেশের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন আছে। এ ঘাটতি কাটিয়ে উঠতে করণীয় কী?
অ্যাকারম্যান: আমাদের বোঝা উচিত, বাংলাদেশ টেস্ট ক্রিকেট অন্যদের মতো নিয়মিত খেলে না। অন্য দেশের ক্রিকেটাররা বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলতে খেলতে বেড়ে ওঠে। বাংলাদেশে সাদা বলের ক্রিকেটের চর্চাটা বেশি। তারা এখনো লাল বলের খেলাটা শিখছে। টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয়, তরুণ খেলোয়াড়েরা এখন সেটা আয়ত্ত করতে শিখছে। তারা এখনো ফ্রেশ দল হিসেবে ভালো করছে, ফ্রেশ বলতে আমি বলছি না, এক-দুই বছরের নতুন। তারা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর চেয়ে এখনো ফ্রেশই। তারা যখন টেস্টে ধারাবাহিকতা দেখাতে পারে না, ব্যাপারটা আমি অনুভব করতে পারি। তবে তরুণ খেলোয়াড়দের নিয়ে এগোচ্ছে, এ ব্যাপারে আমি নিশ্চিত।
প্রশ্ন: প্রথম শ্রেণির ক্যারিয়ার সমৃদ্ধ হলেও খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি আপনার। মাত্র চারটা টেস্ট খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আক্ষেপ কাজ করে?
অ্যাকারম্যান: আরও বেশি খেলতে পারলে অবশ্যই ভালো লাগত। এটার অনেক কারণ আছে। একটা হচ্ছে, আমি খুব বেশি ভালো করতে পারিনি। ভালো মানের স্পিনের বিপক্ষে, বিশেষ করে মুত্তিয়া মুরালিধরনের বিপক্ষে কয়েকবার বোল্ড হয়েছি (হাসি)। খারাপ লাগা কাজ করে, তবে তখন আমার চেয়ে অনেক ভালো ক্রিকেটার ছিল (দক্ষিণ আফ্রিকা দলে)। আমার তাই বেশি কিছু করার ছিল না। তবে বর্তমান পথচলা নিয়ে খুশি।
খেলা সম্পর্কিত সাক্ষাৎকার: