হোম > ছাপা সংস্করণ

তেঁতুলতলা মাঠ, এতটুকুই আকাশ আছে আমাদের

২৪ এপ্রিল, রোববার। দিনভর থানায় আটক করে রাখা হয় সৈয়দা রত্না ও তাঁর কিশোর বয়সী ছেলেকে। অপরাধ—সৈয়দা রত্না রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলন করেছেন। দুই বছর ধরে এই আন্দোলনে তাঁর সঙ্গে যোগ দিয়ে সোচ্চার থাকছেন কলাবাগান এলাকাবাসী। তাঁদের রয়েছে ‘তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবি’ নামে একটি ফেসবুক গ্রুপ। তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় এই ফেসবুক গ্রুপের মাধ্যমে তাঁরা মাঠ রক্ষার আন্দোলন জিইয়ে রেখেছেন। আন্দোলনের শুরু থেকে আটক থাকার অভিজ্ঞতা পর্যন্ত আজকের পত্রিকাকে জানিয়েছেন সৈয়দা রত্না। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সৈয়দা সাদিয়া শাহরীন।

আজকের পত্রিকা: মাঠ রক্ষার আন্দোলনটা শুরু হলো কীভাবে?
সৈয়দা রত্না: স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে কলাবাগানে বসবাস করছি। এই মাঠে আমরাও খেলাধুলা করে বেড়ে উঠেছি। ২০২০ সালের কথা। একদিন হঠাৎ দেখি মাঠে নোটিশ ছাপিয়ে দেওয়া হয়, আদালত থেকে এখানে থানা ভবন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমরা জানতাম মাঠটি একজন বিহারি ব্যক্তির। কিন্তু কোনো প্রমাণ নেই। অনেকে ভুল তথ্য, ভুল কাগজ দিয়ে এটার মালিকানা দাবি করেছে। এ রকম লোকদের প্রমাণপত্র দিতে বলা হয়েছিল। আমাদের পাড়ায়ও কানাঘুষা শুরু হয়ে গেল যে মাঠে থানা করা হচ্ছে অথচ কোত্থেকে এটার অনুমতি পেয়ে গেছে! একদিন আমার মনটা খুব খারাপ হচ্ছিল এই ভেবে যে এটা তো আমাদের মাঠ, আমরা খেলে বড় হয়েছি, এতটুকুই আকাশ আছে আমাদের, এখানে কেন থানা ভবন হবে? সেদিন দুপুরবেলা গিয়ে পুরো মাঠটাকে ঘুরে ঘুরে ভিডিও করেছি। ভিডিওটা ফেসবুকে পোস্ট করে মনের কথাগুলো বললাম। পরে আমাদের পাড়ার একটি ছেলে বলেছে, ‘চলেন, মাঠটাকে বাঁচাতে আমরা কিছু করি।’ রাজি হয়ে গেলাম। শুরু হলো আন্দোলন, ফেসবুক গ্রুপ ‘তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবি’ থেকে। তখন থেকেই আমরা দাবি জানাচ্ছি, মানববন্ধন করছি; বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি যে আমাদের এই খেলার মাঠ খেলার মাঠই থাকুক, থানা অন্য জায়গায় করা হোক।

আজকের পত্রিকা: ঢাকার মেয়ররা তো বলেছিলেন প্রতিটি এলাকায় খেলার মাঠ থাকবে?
সৈয়দা রত্না: যেহেতু মেয়র ঘোষণা দিয়েছেন তিনি প্রতিটি এলাকায় মাঠ বরাদ্দ করবেন, যেসব মাঠ দখল আছে, সেগুলো দখলদারমুক্ত করবেন। যেসব এলাকায় মাঠ নেই, সেসব এলাকায় মাঠের বন্দোবস্ত করবেন, এটা আমাদের ইতিবাচক একটা আশ্বাস দিয়েছিল। যদিও আমাদের মাঠ নিয়ে কিছু বলেননি। গত বছর তেঁতুলতলা মাঠে একদিন ফুটবল ম্যাচ আয়োজন করা হলে এলাকার মহিলা কমিশনার (কাউন্সিলর) এসেছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘আপা, এখানে যে থানা ভবন করার চেষ্টা চলছে, সে-সম্পর্কে আপনি কী বলেন?’ তিনি আশ্বাস দিলেন, ‘মাঠ তো মাঠই থাকবে। এটা মেয়রের আদেশ। মেয়র সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন কোনো এলাকার মাঠ দখল করা যাবে না, কোনো ভবন হবে না।’ তখন তো আমরা নিশ্চিন্ত ছিলাম। কারণ তিনি যেটা বলছেন, সেটা তো একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলছেন।

আজকের পত্রিকা: আন্দোলনের মধ্য দিয়েই ভবন নির্মাণের কাজ শুরু হয়ে গেল?
সৈয়দা রত্না: এ বছর ৩১ জানুয়ারি হঠাৎ দেখি পুলিশ মাঠে কাঁটাতারের বেড়া দিচ্ছে। মাঝে মাঝে পুলিশ আসে এখানে, দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলে। কিন্তু তাঁরা কী আলাপ করেন সেটা তো আমরা জানি না। হঠাৎ করে কাঁটাতারের বেড়া দিতে দেখে জানতে চাইলাম কেন বেড়া দিচ্ছেন। তাঁরা জানালেন ডিসি সাহেবের অর্ডার আছে। এটা কী করে হয়? যেখানে ঢাকার উত্তর-দক্ষিণ সব দিকের মেয়ররা এ রকম মাঠ উন্মুক্ত করার জন্য নানা রকমের চেষ্টা করছেন, খুঁজছেন যে কোথায় মাঠ করা যায় আর আমাদের এই মাঠটা আমরা চাইছি, তবু পাচ্ছি না। এই এলাকায় আর অন্য কোনো মাঠ নেই। বাচ্চারা কোথায় খেলবে? খেলার কোনো জায়গা নেই। এখন স্কুল-কলেজগুলোতেও মাঠ নেই। আমরা এই এলাকাবাসী চাইছি না এখানে ভবন হোক। আমাদের একটা নাগরিক অধিকার আছে, শিশুদের অধিকার আছে।

আজকের পত্রিকা: তারপর কী পদক্ষেপ নিলেন?
সৈয়দা রত্না: ৩১ জানুয়ারির পর ফেব্রুয়ারির প্রথম শুক্রবারে আমরা মানববন্ধন ডাকি। দাবি—আমাদের মাঠ আমাদের দিতে হবে, এই কাঁটাতারের বেড়া সরিয়ে দিতে হবে। প্রতি শুক্রবার আমরা মানববন্ধন করেছি আর বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি যেন আমাদের মাঠটা বাঁচাতে পারি। কখনো এমন হয়েছে যে আমি মানববন্ধন ডেকেছি, আমি একাই হয়তো ওখানে দাঁড়িয়ে আছি। হয়তো আমার সঙ্গে গুটি কয়েকজন। এমনও হয়েছে যে একাই আধঘণ্টা ধরে কথা বলে যাচ্ছি। নিজেকে অনেক সময় একা মনে হয়েছে, অসহায় মনে হয়েছে। তারপরও আমি জানি যে আমি একটা ন্যায়সংগত দাবি করেছি।

আজকের পত্রিকা: পুলিশ কেন আপনাকে আটকে রেখেছিল?
সৈয়দা রত্না: দুদিন আগে যখন আমাকে গ্রেপ্তার করল, সেটা অপ্রত্যাশিত ছিল। আমাকে কেন গ্রেপ্তার করবে? ভিডিও করার জন্য? ভিডিওটা যদি আমি আড়াল থেকে করতাম তাহলে তো তারা জানতেও পারত না। অনেক ভিডিও হয়েছে, আমিই যে শুধু ভিডিও করেছি তা নয়। ভিডিও করার সময় জিজ্ঞেস করেছিলাম তাঁরা এখানে কী করছেন। একজন আমাকে ধমক দিলেন। আমি ভিডিও করা বন্ধ করে দিলাম। একজন আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলেন। সঙ্গে সঙ্গে সাত-আটজন মহিলা কনস্টেবল এসে আমাকে মুহূর্তের মধ্যে গাড়িতে তুলেছেন। আমার এক পায়ে এক স্যান্ডেল, আরেকটা মাঠে পড়ে গেছে। একজন এসে আমাকে চিন্তা করতে না করলেন। তাঁরা আমাকে কলাবাগান থানায় নিয়ে যান। আমার মেয়ের ফোন নম্বরটা মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু মনে পড়ছিল না। আমি ফোন করতে চাইলে ওরা শুধু বলছিল করতে দেবে। এর মধ্যেই ব্যাগে থাকা আমার অন্য ফোনটি বেজে উঠলে আমার খালার সঙ্গে কথা হয়।

আজকের পত্রিকা: আপনার ছেলেকে কেন থানায় নেওয়া হয়েছিল?
সৈয়দা রত্না: আমাকে নিয়ে এসেছে শুনে আমার ছেলে বাসার বাইরে বের হয়েছিল। মসজিদের সামনে দাঁড়িয়ে আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। তখন হঠাৎ পুলিশ এসে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। ও আবার পুলিশের হাত থেকে ওর মোবাইল কেড়ে নেয়। ওর পরিচয় নিশ্চিত করে ওকে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে আসে কোনো কারণ ছাড়া। তারা আমাকে নামধাম জিজ্ঞেস করার একপর্যায়ে দেখি ‘আম্মু’ বলে আমার ছেলে ডাকছে। তারা আমার ছেলেকে ধরে নিয়ে আসায় জানতে চাইলাম আমার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে কেন আনা হয়েছে। ওর তো কোনো অপরাধ নেই। তারা বলল ওর নিরাপত্তার জন্য, ভালোর জন্য আনা হয়েছে। ওখানে একটা সেলে ওকে ঢুকিয়েছে আরও দু-তিনজন কয়েদির সঙ্গে।

আজকের পত্রিকা: থানায় কি আপনার সঙ্গে কেউ অসদাচরণ করেছে?
সৈয়দা রত্না: আমাকে একজন কনস্টেবল বলছিলেন, ‘আপনার জন্য আমি জায়গাটা পরিষ্কার করে রেখেছি। এ রকম পরিষ্কার এই জায়গাটা এর আগে কখনোই হয় নাই। আমি এত সুন্দর করে পরিষ্কার করেছি। আপনি চলেন।’ এই বলে আমাকেও একটা সেলের ভেতর ঢুকিয়েছে। সেলের ভেতরটা প্রচণ্ড নোংরা, পোকামাকড়ে ভরা, দুটো নোংরা কম্বল মাটিতে বিছানো। আমি মাটিতে বসতে পারি না বলে মোড়া বা চেয়ার বা টুল, কিছু একটা দিতে বললাম। পাঁচ-সাত মিনিট পর আমাকে অন্য একটা রুমে নিয়ে বসাল। ওখানে কনস্টেবল ছিল দু-তিনজন। কখনো একজন। আমি কখনো বসেছি, কখনোবা উঠে পায়চারি করেছি। এ রকম ঘণ্টার পর ঘণ্টা কেটে গেছে। কতক্ষণ হবে তা আমার হিসাব নেই। একসময় তারাই রুমের দরজাটা খুলে বসে ছিল বাতাস আসার জন্য। এমন সময় আমার মেয়ে গেছে। মেয়ে গিয়ে জিজ্ঞেস করেছে আমার কথা। তারা বলেছে, ‘এ রকম কাউকে আনা হয়নি।’ কিন্তু দরজার ফাঁক দিয়ে আমাকে দেখে ফেলে মেয়ে বলে, ‘ওই তো আমার মা।’ তখন তারা দরজা বন্ধ করে দেয়। তারপর আর খোলা রাখেনি। আমি জানতে পারিনি বাইরে কী হচ্ছে। তারপর অনেকক্ষণ পর, প্রায় বিকেল হয়ে এসেছে তখন আমার টয়লেটে যাওয়া লাগত। টয়লেট এত নোংরা যে আপনারা কল্পনাও করতে পারবেন না। পাবলিক টয়লেটও এত নোংরা থাকে না। সেই টয়লেটে আমি গিয়েছি। আমার এক পায়ে স্যান্ডেল আরেক পা খালি। কনস্টেবলরা আমার মেয়েকে হয়তো বলেছে স্যান্ডেলের কথা। আমার মেয়ে এক জোড়া স্যান্ডেল কিনে পাঠিয়েছে। তার আগ পর্যন্ত আমি খালি পায়েই ছিলাম। কনস্টেবল যারা ছিল, তারা ভালো ছিল। শুধু দু-একজন আমাকে একটু ধাক্কা দিয়েছে। আমি বলেছি যে গায়ে হাত দেবেন না। ওরা বলে যে ‘না আপা, ধাক্কা লেগে গেছে।’ আমি বলেছি, ‘আমি তো দৌড়ে পালাব না। আমি কোনো অপরাধ করব না। আমি আইন ভঙ্গ করব না।’ রাতের বেলা যখন ওদের ডিউটি চেঞ্জ হয়েছে, তখন অন্য মেয়েরা এসেছে। ওই মেয়ে দুটো খুব ভালো। ওদের সঙ্গে আমি বেশি কমফোরটেবল ফিল করেছি। যদিও আমি ওখানে বন্দী ছিলাম, কিন্তু ওদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে।

আজকের পত্রিকা: আপনাকে তো মুচলেকা দিতে হয়েছে…
সৈয়দা রত্না: আমার সামনে তখন যেটা আসছে, মনে হয়েছে যে ঠিক আছে এখন এটাই আমার করা দরকার। তাই মুচলেকা দিয়েছি। এখন তো পুরো দেশ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে। আমি তো একটা জায়গা পর্যন্ত চেষ্টা করেছি অনেক। এখন এটা সবার আন্দোলন হয়ে গেছে। সবাই মিলে করছে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার না। এত দিন সবাই ভেবেছে আমি একা এটা করছি। কিন্তু এখন সবাই জড়িত। মনে হচ্ছে দেশের সিংহভাগ মানুষ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে।

আজকের পত্রিকা: থানায় আটকে থাকার ঘটনায় কি আপনার ছেলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে?
সৈয়দা রত্না: আমিই ট্রমার মধ্যে ছিলাম। সবকিছুই ঠিক আছে কিন্তু মনে হয়েছে আমি ঠিক আগের মতো না। আমি এটাই ভয় পাচ্ছিলাম যে আমার ছেলেরও যদি ট্রমা হয় তাহলে ওর ওপর একটা বিরূপ প্রভাব পড়বে। আত্মীয়-স্বজনেরা বাসায় আসছে। ওকে সঙ্গ দিচ্ছে, কথা বলছে যেন ও ঘটনাটাকে ইতিবাচকভাবে নেয়। আমি ওকে বুঝিয়েছি যে আমাদের একটা অভিজ্ঞতা হলো। ও আবার বলছিল যে ওর সঙ্গে যে দু-তিনজন ছিল তারা তাদের ৪০ লাখ টাকা ফ্রড করার গল্প করেছে, ছিনতাইকারী কীভাবে ছিনতাই করেছে, সেই গল্প করেছে।

আজকের পত্রিকা: খেলার মাঠ কেন জরুরি?
সৈয়দা রত্না: দেখুন, আমরা আজ কোন জায়গায় পৌঁছেছি যে আমাদের ব্যাখ্যা দিতে হচ্ছে, আমাদের খেলার মাঠ জরুরি। বাচ্চাদের জন্য কেন খেলাধুলা জরুরি, এটাও এখন আমাদের বুঝিয়ে বলতে হয়। একটা বাচ্চা যতক্ষণ সমবয়স্কদের সঙ্গে খেলবে, ততক্ষণ তার শারীরিক ও মানসিক বিকাশ হবে। ওদের খেলতে তো কিছু লাগে না। শুধু কাদামাটি দিয়েই খেলতে পারে। এই যে সারল্যতাটা, আজকাল আমরা ওদের দিতে পারছি না। রাস্তায় তো বাচ্চারা খেলতে পারে না। রাস্তায় কি বাচ্চাদের খেলা উচিত? আর মাঠ নষ্ট করে কেন কিছু করতে হবে? মাঠে বাচ্চারা খেলবে। আমাদের উচিত বাচ্চাদের ব্যবস্থা করে দেওয়া যেন ওরা খেলতে পারে।

আজকের পত্রিকা: এলাকার বাচ্চারা আপনাকে খুব পছন্দ করে…
সৈয়দা রত্না: বাচ্চারা জানে ওদের জন্য আমি কাজ করছি। ওরা ব্যাখ্যাটা জানে না কিন্তু ওরা বোঝে। আমি যখন বাইরে যাই ওরা আমাকে ডাকে, সালাম দেয়, কোথায় যাচ্ছি জিজ্ঞেস করে—এটাই আমাকে অনেক আনন্দ দেয়। এই মাঠটা ওদের। মাঠে কিছু হলেই ওরা খবর দেয় যে ‘আন্টি, আমাদের মাঠে আবার পুলিশ এসেছে।’ এভাবে আমার সঙ্গে ওরা কানেক্ট হয়ে গেছে। এত দিন ধরে আন্দোলন করছি, কষ্ট হয়েছে। দিনের পর দিন আন্দোলন করেছি, মাঠের জন্য ছুটে ছুটে গিয়েছি। এই মাঠটা যদি রক্ষা করতে পারি তাহলে আমার কোনো কষ্ট থাকবে না। আমার সঙ্গে ঘটে যাওয়া অবাঞ্ছিত কোনো ঘটনা মনে রাখব না মাঠটা যদি বেঁচে যায়।

সৈয়দা সাদিয়া শাহরীন
সহসম্পাদক, সম্পাদকীয় বিভাগ

এই সম্পর্কিত পড়ুন: