বাংলাদেশে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা)। ইতিমধ্যে দেশের পাঁচ বিভাগে মৌসুমি বায়ু ছড়িয়ে পড়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তা দেশের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে আগামী ২-৩ দিনের মধ্যে এটি বাংলাদেশের বাকি অংশেও পুরোপুরি বিস্তার লাভ করবে। এর ফলে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি নিচে দিনভিত্তিক তুলে ধরা হলো:
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সারা দেশে সামান্য বৃদ্ধি পেতে পারে।
রাজশাহী বিভাগে বৃষ্টির আওতা বৃদ্ধি পাবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই দিনে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগের দিনের তুলনায় রাজশাহী বিভাগে বৃষ্টির বেগ কিছুটা কমতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা বজায় থাকবে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃষ্টিপাতের ধরন ও বিস্তৃতি আগের দিনের মতোই থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
দেশের দিন ও রাতের তাপমাত্রা পরিস্থিতি তৃতীয় দিনের মতোই প্রায় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
এই দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, যার পরিমাণ ছিল ১০৬ মিমি। এ ছাড়া চাঁদপুরে ৬৭ মিমি, সিলেটে ৫৮ মিমি এবং কুড়িগ্রামের রাজারহাটে ৫৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফরিদপুর, নারায়ণগঞ্জ ও নওগাঁর বদলগাছী এবং নোয়াখালীর রামগতিতে, যা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনের এই নির্ধারিত সময়ের পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।