প্রায় এক বছর বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ২০২৫ সালের লাক্স সুপারস্টার বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মঞ্চে নাম ঘোষণার পর আবেগে ভেঙে পড়েন বর্ণিতা। আনন্দাশ্রু সামলাতে পারেননি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বর্ণিতা বলেন, ‘পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। যখন যাত্রা শুরু করি, তখন ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায় আর নিজের পরিশ্রমে এখানে আসা।’
পুরস্কার হিসেবে ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির পাশাপাশি বিজয়ী হিসেবে বর্ণিতা একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন, যেটি পরিচালনা করবেন রায়হান রাফী। এ ছাড়া প্রথম রানারআপ নাযাহ নাওয়ার বিনতে নুরুল পেয়েছেন পাঁচ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ আমিনা ইসলাম পেয়েছেন তিন লাখ টাকা।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর জানান, এ বছরের লাক্স সুপারস্টার বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন একটি ওয়েব ফিল্ম নির্মাণ করবেন।
বিজয়ী তিনজন ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া পাঁচ প্রতিযোগীর অন্যরা হলেন—আফরীন ইয়ুমনা ও তিস্তা পাল। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।
উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। প্রথম আসরে সেরা সুন্দরীর খেতাব জিতে নেন শানারেই দেবী শানু। এরপর এই প্রতিযোগিতা থেকে উঠে আসেন জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদের মতো তারকারা। সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা।