সংগীতসফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ২৬ জুলাই মিশিগান থেকে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই ট্যুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১৯টি কনসার্টে গাইবেন তিনি। কনা যখন যুক্তরাষ্ট্রের কনসার্টে ব্যস্ত, সে সময় দেশে মুক্তি পেল তাঁর গাওয়া নতুন গান ‘ভিজিয়ে দিয়ো না’। এটি ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গান।
বৃষ্টির দিনের ছয়টি গান দিয়ে সাজানো হয়েছে বাদলা স্মৃতি অ্যালবাম। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ। সব গান লিখেছেন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আহসান ইমাম। সুর ও সংগীত আয়োজন করেছেন শান সায়েক। গত শুক্রবার মিউজিক আর্ট স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় অ্যালবামটির প্রথম গান ভিজিয়ে দিয়ো নার মিউজিক ভিডিও।
গীতিকার ও নির্মাতা আহসান ইমাম বলেন, ‘আমাদের দেশের বর্ষা ও প্রকৃতি যেন একজন চিত্রশিল্পীর ক্যানভাস। সেই সৌন্দর্যই বাদলা স্মৃতি অ্যালবামে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান-অভিমান, স্মৃতি ও প্রকৃতিকে কথায়, সুরে এবং চিত্রায়ণে তুলে ধরার চেষ্টা করেছি।’
সুরকার শান সায়েক বলেন, ‘বৃষ্টির এই সময়ে বৃষ্টির গান নিয়েই আমরা অ্যালবামটি করেছি। ছয়টি গানের কথা খুব সুন্দর হয়েছে। চেষ্টা করেছি সুর ও সংগীত আয়োজনটাও ভালো করতে। আশা করছি সবার ভালো লাগবে।’
জানা গেছে, আজ কনা গান শোনাবেন লস অ্যাঞ্জেলেসে। এরপর ওকলাহোমা সিটি (৮ আগস্ট), ডালাস (১৪ আগস্ট), হিউস্টন (২১ আগস্ট), শিকাগো (২৮ আগস্ট), বোস্টন (২৯ আগস্ট), ওরল্যান্ডো (৫ সেপ্টেম্বর), লস অ্যাঞ্জেলেস (৬ সেপ্টেম্বর), ওয়াশিংটন ডিসি (১২ সেপ্টেম্বর), মায়ামি (১৯ সেপ্টেম্বর), আটলান্টা (২০ সেপ্টেম্বর), মিশিগান (২৬ সেপ্টেম্বর) এবং নিউইয়র্কে (৩ অক্টোবর) পারফর্ম করার কথা রয়েছে তাঁর।