বাংলা ব্যান্ডের মাধ্যমে দেশীয় লোকসংগীতকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন আনুশেহ আনাদিল। ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আমি অপার হয়ে’ ইত্যাদি গান দিয়ে জয় করে নিয়েছিলেন শ্রোতাদের হৃদয়। দীর্ঘদিন ধরেই গান থেকে দূরে সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। অনলাইন কিংবা অফলাইন—কোথাও দেখা নেই তাঁর। এ বছরের জুনে ১১ বছর পর সোশ্যাল মিডিয়ায় ফিরে আনুশেহ জানান টিনিটাস রোগে আক্রান্তের খবর। টিনিটাস হলো এমন একটি অবস্থা, যেখানে বাইরে কোনো শব্দের উৎস না থাকলেও কানে বা মাথার ভেতরে ভোঁ ভোঁ, শোঁ শোঁ, ঝিঁঝি পোকা ডাকার শব্দ বা হিস হিস শব্দ শোনা যায়। এর কিছুদিন পর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেন আনুশেহ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আনুশেহ আনাদিলের দুটি নতুন ভিডিও। সেই ভিডিওর সুবাদে আবার আলোচনায় আনুশেহ। অনেক দিন ধরেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। গুঞ্জন ছড়িয়েছে, নেশাগ্রস্ত হয়ে পড়ায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে আনুশেহর, ছেড়ে দিতে হয়েছে গান গাওয়া। বিষয়টি আনুশেহর নজরে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাই এক ভিডিওতে আনুশেহ বলেন, ‘আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।’
আরেকটি ভিডিওতে আনুশেহকে বলতে শোনা যায়, ‘আমি অনেক বছর ধরে নিজের চেহারা কাউকে দেখাই না। লুকায়ে ছিলাম। এই বছরগুলোতে আমি প্রচুর লিখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সেগুলো কেউ পড়ে না। পড়ে তবে সেটা বয়স্করা। এই প্রজন্ম ছোট ছোট ক্লিপস দেখতে অভ্যস্ত।’
আনুশেহর দুটি ভিডিওই এখন ভাইরাল। দুটি ভিডিওতেই এলোমেলোভাবে কথা বলতে শোনা যায় আনুশেহকে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে তিনি নিজেই ধারণ করেছিলেন। কীভাবে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তা জানা যায়নি। তবে ভিডিও দুটি ঘিরে রয়েছে নানাজনের নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি।