৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার, সুর ও সংগীত আয়োজন করেছেন অপু আমান। গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন অপু আমান, চিত্রগ্রহণে ছিলেন আশিক মাসুদ। ঘড়ির কাঁটা প্রকাশ করা হয়েছে দিঠি আনোয়ার নামের ইউটিউব চ্যানেলে।
অপু আমানের ভাষ্যমতে, গানটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে অন্যতম সেরা গান। অপু বলেন, ‘অসাধারণ একটি প্রেমের গান ঘড়ির কাঁটা। খুবই সুন্দর শব্দচয়ন। আমার মনে হয়েছে, এটি তাঁর লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে অন্যতম সেরা গান। আমার কাছে গাজী মাজহারুল আনোয়ার এক বিস্ময়। তাঁর সান্নিধ্য না পেলে হয়তো বাংলা গানের নিজস্ব আবেগ-অনুভূতির অনেকটা আমার জীবনে অপূর্ণ থেকে যেত। আমি তাঁর কাছে চিরঋণী। তিনি বেঁচে থাকতে গানটি সুর করেছিলাম। এত দিন পর প্রকাশিত হলো। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
দিঠি আনোয়ার বলেন, ‘আমাকে নিয়ে আব্বুর লেখা “দিঠির খাতা”র আরও একটি গান ঘড়ির কাঁটা। আব্বু যখন বেঁচে ছিলেন, তখন এই গানে ভয়েস দিয়েছিলাম। ভিডিওটা কয়েক দিন আগে করা। এটি আমার খুব প্রিয় একটি গান, মন ছুঁয়ে যাওয়ার মতো গান। আব্বুর সহজ-সরল ভাষা আর সুন্দর শব্দচয়ন সহজে সবার মন ছুঁয়ে যেত। এটিও তেমন একটি গান। অপু খুব সুন্দর সুর করেছে। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’
এর আগে দিঠি আনোয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’, ‘মেঘলা আকাশ’, ‘মধুর ক্যানটিন’সহ বেশ কিছু গান।