সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে গানটি।
সম্প্রতি কোক স্টুডিও তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় পাসুরি গানের সংগীতশিল্পী আলী শেঠি, শায়ে গিল এবং প্রযোজক জুলফিকার খান জুলফি ও আবদুল্লাহ সিদ্দিকীকে নিয়ে তৈরি একটি বিশেষ ভিডিও প্রকাশ করে এই অর্জনের কথা নিশ্চিত করেছে।
কোক স্টুডিও পাকিস্তানের সিজন ১৪-তে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল পাসুরি। ক্ল্যাসিক্যাল পাঞ্জাবি ফোক ও পপ মিউজিকের মেলবন্ধনে তৈরি গানটি মুক্তির পর থেকেই দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলে। চার বছর সাত মাসের কম সময়ে এক বিলিয়ন ভিউ পূরণ করার এই রেকর্ড কেবল ইউটিউবেই সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী গানটি যে সাংস্কৃতিক সেতু তৈরি করেছে, এটি তারই বাস্তব প্রমাণ।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইউটিউবে পাসুরির মোট ভিউয়ের ৯০ শতাংশের বেশি এসেছে পাকিস্তানের বাইরের প্রায় ৬০টি দেশ থেকে। মুক্তির বছরে স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গানের খেতাব পেয়েছিল এটি। বর্তমানে এ প্ল্যাটফর্মে গানটির স্ট্রিম সংখ্যা ৪০ কোটির বেশি। ২০২২ সালে গুগলে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি খোঁজা গানের তালিকায় পাসুরি ছিল দুই নম্বরে। এ ছাড়া কোনো সুর গুনগুন করে গান খুঁজে বের করার ‘হাম টু সার্চ’ ফিচারে এটি ছিল এক নম্বরে।
হলিউডের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘মিস মার্ভেল’ সিরিজের সাউন্ডট্র্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল গানটি। এ ছাড়া এর একটি আফ্রোবিটস রিমেক্স তৈরি করেছিল কোক স্টুডিও আফ্রিকা। পাসুরির আবেদন এড়াতে পারেনি বলিউডও। ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায় অরিজিৎ সিংয়ের কণ্ঠে ব্যবহার করা হয়েছিল এর হিন্দি রিমেক। যদিও মূল সংস্করণের ভাবাবেগ নষ্ট করার অভিযোগে রিমেকটি ভক্তদের মাঝে তীব্র বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিল।
গানটির এই ঐতিহাসিক অর্জন প্রসঙ্গে কোকা-কোলার আঞ্চলিক জেনারেল ম্যানেজার সামি ওয়াহিদ বলেন, ‘প্রায় দুই দশক ধরে ১৮০টির বেশি দেশের মানুষের কাছে পাকিস্তানের গান, ভাষা ও ঐতিহ্যকে পৌঁছে দিচ্ছে কোক স্টুডিও। নিজের সংস্কৃতির শিকড়ে শক্তভাবে যুক্ত থেকেও কীভাবে সীমান্ত ছাড়িয়ে সবার হৃদয়ে পৌঁছে যাওয়া যায়, পাসুরির এই সাফল্য তারই প্রমাণ।’