চিকিৎসা শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী ডা. কাকলী হালদারের কণ্ঠে প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় নজরুলসংগীত ‘আমার শ্যামা মায়ের কোলে চড়ে’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা শাক্ত-বৈষ্ণব ভাবধারার টপ্পা আঙ্গিকের এই জনপ্রিয় গানটিতে শ্যামা (কালী) ও শ্যাম (কৃষ্ণ)-এর রূপের এক অপূর্ব সমন্বয় ফুটিয়ে তোলা হয়েছে।
গত শুক্রবার (৬ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-এর ব্যানারে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। গানটির রাগ ‘জয়জয়ন্তী’ এবং তাল ‘যত্’।
গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন চৌধুরী এবং ইবনে রাজন (ইবনে খালদুন)। ভিডিও পরিচালনায় ছিলেন মো. শফিকুর রহমান রুবেল। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এ বি এম সাজ্জাদুর রহমান এবং ক্যামেরার দায়িত্বে ছিলেন খলিল শেখ। ভিডিও এডিট ও কালার গ্র্যাডিংয়ের কাজটি করেছেন উত্তম সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।