সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ তারকা টেইলর সুইফট। ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল রাজকীয় বিয়ের আসর। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে দুই পরিবারের সদস্য এবং শোবিজ ও ক্রীড়া জগতের একঝাঁক তারকার উপস্থিতিতে চার হাত এক হলো এই জুটির।
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের জল্পনা সপ্তাহখানেক ধরেই চলছিল। তবে কবে, কোথায় হবে সেই আয়োজন—তা গোপন রেখেছিলেন তারকাজুটি। সংবাদমাধ্যমে বিয়ের সম্ভাব্য ভেন্যু হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কথা প্রকাশ পেলে, শুক্রবার দিনভর স্টেডিয়ামের বাইরে ভিড় জমান হাজারো ভক্ত-অনুরাগী। বিয়ের আয়োজনকে কেন্দ্র করে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ঠিক পাশেই অবস্থিত নিউইয়র্কের ঐতিহাসিক ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’ বর্ণিল আলোয় সাজানো হয়েছিল। পুরো অ্যারেনা ঢেকে গিয়েছিল নিরাপত্তার চাদরে।
বিয়ের আয়োজনটি কঠোর গোপনীয়তায় করা হলেও, অনুষ্ঠান শেষ হতেই ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের জায়ান্ট ডিজিটাল সাইন বা বিলবোর্ডগুলোয় ভেসে ওঠে বিশেষ বার্তা—‘টি অ্যান্ড টি জাস্ট ম্যারিড’। টেইলর ও ট্রাভিসের নামের প্রথম অক্ষর মিলিয়ে তৈরি এই মিষ্টি ঘোষণা স্টেডিয়ামের বাইরে উপস্থিত ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি করে।
এক বিবৃতিতে টেইলর সুইফটের প্রতিনিধি সংবাদমাধ্যম পিপলকে জানান, টেইলর ও ট্রাভিসের বিয়েতে কোনো ব্রাইডসমেড বা গ্রুমসম্যান ছিল না। এর পরিবর্তে টেইলরের ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর ভাই অস্টিন সুইফট এবং ট্রাভিসের ‘বেস্ট ম্যান’ ছিলেন তাঁর ভাই জেসন কেলসি। বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা বা অফিশিয়েট করেন হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। তাঁর চমৎকার রসবোধ বিয়ের গাম্ভীর্যের মধ্যেও অতিথিদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দেয়।
টেইলর ও ট্রাভিসের বিয়েতে বসেছিল চাঁদের হাট। এক হাজার জন ছিলেন আমন্ত্রিত অতিথিদের তালিকায়। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন টম হ্যাঙ্কস, পল ম্যাককার্টনি, সেলেনা গোমেজ, জেনিফার লোপেজ, ব্র্যাড পিট, স্টিভেন স্পিলবার্গ, জিজি হাদিদ, ব্র্যাডলি কুপার, ডাকোটা জনসন, পিটার হারম্যান, এড শিরান, হাইম সিস্টার্স, হিউ গ্র্যান্ট, জিমি ফ্যালকন, টমি হিলফিগারসহ বিনোদন ও ক্রীড়া অঙ্গনের অনেক তারকা। তবে বিয়ের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।
বিয়ের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি টেইলর ও ট্রাভিস। বিয়ের আগের দিন বিভিন্ন দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকার বেশি) অনুদান দিয়েছেন তাঁরা। অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যসংকট দূর করা, পশুপাখির উদ্ধার ও পুনর্বাসন এবং শিশুদের প্রাথমিক শিক্ষার প্রসারে এই অর্থ ব্যয় হবে।