বক্স অফিসে রাজত্ব করার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মুখে হাসি ফুটিয়েছে ডিজনি ও পিক্সারের সাড়াজাগানো অ্যানিমেটেড সিনেমা ‘টয় স্টোরি ৫’। স্বেচ্ছাসেবী সংস্থা স্টারলাইট চিলড্রেনস ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের ৪০০টির বেশি শিশু হাসপাতালে সিনেমাটি প্রদর্শনের পাশাপাশি হাজার হাজার উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
হলিউডের অ্যানিমেশন ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দেওয়া কালজয়ী ফ্র্যাঞ্চাইজি টয় স্টোরি। ১৯৯৫ সালে মুক্তি পায় এর প্রথম পর্ব। এরপর এসেছে আরও তিনটি সিনেমা। গত ১৯ জুন মুক্তি পায় টয় স্টোরি ৫। বর্তমান আধুনিক যুগে শিশুরা কীভাবে খেলনা ছেড়ে ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে—এ থিমে তৈরি সিনেমাটি ইতিমধ্যে আয় করেছে ৯৬৪ মিলিয়ন ডলারের বেশি।
তবে শুধু বাণিজ্যিক সাফল্যের মধ্যেই এর প্রভাব সীমাবদ্ধ থাকেনি। ডিজনি মুভি মোমেন্টস প্রজেক্টের আওতায় যুক্তরাষ্ট্রের ৩০০টির বেশি হাসপাতালসহ বিশ্বজুড়ে ৪০০টির বেশি শিশু হাসপাতালে সিনেমাটির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে ভর্তি শিশু ও তাদের পরিবারের মধ্যে বিতরণ করা হয় টয় স্টোরি ৫ সিনেমার থিমভিত্তিক ১৮ হাজারের বেশি খেলনা এবং সিনেমার জনপ্রিয় চরিত্রের আদলে তৈরি ৩৪ হাজার বিশেষ গাউন।
ওয়াশিংটন ডিসি, ওকল্যান্ড এবং অরল্যান্ডোর হাসপাতালগুলোতে শিশুদের জন্য ছিল বাড়তি চমক। সেখানে সিনেমাটির জনপ্রিয় চরিত্র ‘উডি’ ও ‘জেসি’ সশরীর উপস্থিত হয়ে শিশুদের সারপ্রাইজ দেয়। এর পাশাপাশি পিক্সারের প্রখ্যাত অ্যানিমেটররা শিশুদের ছবি আঁকা শেখানোর বিশেষ সেশন পরিচালনা করেন।