হোম > বিনোদন > হলিউড

বক্স অফিসে নোলানের ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক

বিনোদন ডেস্ক

‘দ্য ওডিসি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক ঘটেছে বক্স অফিসে। ১৭ জুলাই মুক্তির পর রোববার পর্যন্ত প্রথম তিন দিন বা প্রথম উইকএন্ডের টিকিট বিক্রির রেকর্ড সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, উত্তর আমেরিকার ৩ হাজার ৯১৯টি সিনেমা হল থেকে ১২৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে দ্য ওডিসি। আর আন্তর্জাতিক বাজার (৭৩টি দেশ) থেকে এসেছে আরও ১৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার। ফলে প্রথম তিন দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ২৬৪ দশমিক ১ মিলিয়ন ডলার।

এটি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। টপকে গেছে নোলানের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (২৪৯ মিলিয়ন ডলার), ‘দ্য ডার্ক নাইট’ (১৯৮ মিলিয়ন ডলার) এবং ‘ওপেনহাইমার’ (১৮০ মিলিয়ন ডলার)-এর উইকএন্ডের আয়ের রেকর্ড। প্রায় তিন ঘণ্টার একটি পিরিয়ড অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা এবং আর-রেটেড (১৮ বছরের ঊর্ধ্বের দর্শকদের জন্য) হওয়া সত্ত্বেও এই বিপুল আয়কে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা।

আইম্যাক্স স্ক্রিনে উন্মাদনা

ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে দ্য ওডিসির পুরো শুটিং করা হয়েছে আইম্যাক্স ক্যামেরায়। ফলে এটি লার্জ ফরম্যাটে দেখার উন্মাদনা তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মাঝে। উত্তর আমেরিকার মোট আয়ের প্রায় ৫৩ শতাংশ এসেছে প্রিমিয়াম স্ক্রিনগুলো থেকে। বিশ্বব্যাপী আইম্যাক্স থিয়েটারগুলো থেকে এসেছে ৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার, যা মোট আয়ের ২৩ শতাংশ। দর্শকদের এই উপচে পড়া ভিড়ের কারণে বিশ্বজুড়ে আইম্যাক্স হলগুলোতে রাত ২টা এবং ভোর ৭টার বিশেষ শোগুলোও হাউসফুল যাচ্ছে।

ওডিসি-ঝড়ে কুপোকাত অন্য মেগা প্রজেক্ট

দ্য ওডিসির ধাক্কায় হলিউডের বাকি বড় বাজেটের সিনেমাগুলোর অবস্থা বেশ নাজুক। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ডিজনির ২৫০ মিলিয়ন ডলার বাজেটের লাইভ-অ্যাকশন সিনেমা ‘মোয়ানা’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এটি মাত্র ১৯ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত আয় ১৭৮ মিলিয়ন ডলার। মোয়ানা দিয়ে ডিজনিকে প্রায় ১০০ মিলিয়ন ডলারের ওপরে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বড় বিপর্যয়ের মুখে পড়েছে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসির ১৭০ মিলিয়ন ডলার বাজেটের ‘সুপারগার্ল’ও। সিনেমাটি প্রায় ১২০ মিলিয়ন ডলারের বিশাল লোকসানের মুখে পড়তে যাচ্ছে।

৩১ জুলাই সনি পিকচার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পাওয়ার আগপর্যন্ত বক্স অফিসে দ্য ওডিসির সামনে বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আর এ কারণেই ২৫০ মিলিয়ন ডলার নির্মাণ ও ১২৫ মিলিয়ন ডলার বিপণন ব্যয়ের এই মেগা প্রজেক্ট অনায়াসেই লগ্নি তুলে নিয়ে বিশাল মুনাফার রেকর্ড গড়তে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞেরা।

নোলানের ‘ওডিসি’র মহাকাব্যিক সূচনা, ৩ দিনেই উঠে এল নির্মাণ ব্যয়

তিন হাজার বছরের পুরোনো ইরানি স্মারক কানে পরে তীব্র বিতর্কে জেন্ডায়া

বেন অ্যাফ্লেকের এআই কোম্পানি কিনল নেটফ্লিক্স

বিপ্লবী ওয়াট টাইলারের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য বদল

স্মার্টফোন থাকলে আমি খুব বাজেভাবে এতে আসক্ত হয়ে পড়তাম: ক্রিস্টোফার নোলান

সাফল্যের সঙ্গে তৃতীয় সিজনে ‘হাউস অব ডেভিড’

মালিকানা বদলাচ্ছে ‘লেটারবক্সড’-এর, কেনার দৌড়ে ওটিটি ও হলিউড জায়ান্টরা

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা