হোম > বিনোদন > সিনেমা

কানে ‘মানজুম্মেল বয়েজ’ পরিচালকের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

‘বালান’ সিনেমার পোস্টার

কোচির একদল বন্ধু ঘুরতে যায় কোদাইকানাল। ফিরতি পথে তারা গুনা গুহা দেখতে যায়। নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে গুহার অনেক ভেতরে। এই দলের এক সদস্য সুভাষ পা পিছলে ৯০০ ফুট গভীর গর্তে পড়ে যায়। সুভাষকে উদ্ধারের চেষ্টা করতে থাকে বাকি বন্ধুরা।

এমন গল্পে তৈরি হয়েছিল ‘মানজুম্মেল বয়েজ’। মালয়ালম পরিচালক চিদাম্বরাম তাঁর এই দ্বিতীয় সিনেমা দিয়েই বাজিমাত করেন। ২০২৪ সালে তাঁর মানজুম্মেল বয়েজ ইতিহাস সৃষ্টি করে। মাত্র ২০ কোটিতে তৈরি সিনেমাটি আয় করে প্রায় আড়াই শ কোটি রুপি। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার তৃতীয় সিনেমা নিয়ে আসছেন চিদাম্বরাম। নতুন সিনেমা ‘বালান—দ্য বয়’ দিয়ে তিনি এবার পা রাখছেন বিশ্বমঞ্চে।

সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মার্শে দো ফিল্ম বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বালান—দ্য বয়। সিনেমাটির প্রিমিয়ার হবে ১৪ মে স্থানীয় সময় রাত ৮টায় অলিম্পিয়া ৯ থিয়েটারে। কান উৎসবে জায়গা পাওয়ার এ ঘটনাকে চিদাম্বরামের ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বালান—দ্য বয় একটি মানবিক আবেগ ও সামাজিক বাস্তবতার গল্প। সিনেমার কেন্দ্রে আছে এক কিশোর। দারুণ এক শৈশব ছিল তার। কিন্তু হঠাৎ করেই তার মা নিখোঁজ হয়ে যায়। মায়ের খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সে। এই জার্নি নিয়ে তৈরি হয়েছে বালান। নামভূমিকায় অভিনয় করেছেন একজন নবাগত শিল্পী। এ ছাড়া মালয়ালম ইন্ডাস্ট্রির কয়েকজন পরিচিত মুখকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

কান উৎসবে জায়গা পাওয়া নিয়ে পরিচালক চিদাম্বরাম বলেন, ‘কান উৎসব বরাবরই সেই সব সিনেমার জন্য আদর্শ জায়গা, যা আস্থা রাখে দর্শকদের ওপর। বালানও পুরোপুরি দর্শকদের ওপর আস্থাশীল। এটি এমন এক গল্প, যা শেষ হয়ে গেলেও দর্শকদের মনে রয়ে যাবে বহুকাল।’

বালান—দ্য বয় সিনেমার সংগীত করেছেন সুশিন শ্যাম, যিনি এর আগে ‘কুম্বালাঙ্গি নাইটস’, ‘মিন্নাল মুরালি’, ‘আভেশম’, ‘মানজুম্মেল বয়েজ’সহ আলোচিত অনেক সিনেমার সংগীত করেছেন। কেভিএন প্রোডাকশনস ও থেসপিয়ান ফিল্মস নিবেদিত বালান প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ ও শৈলজা দেশাই ফেন। এ বছরের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

লন্ডনে রেইনবো উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির খবরে খেপেছেন অভিনেত্রী

উৎসবে প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বর্ষণ-শার্লিন জুটির ‘সন্দেশ’

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

সিরিজ হয়ে গেল সিনেমা, মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

‘আজাদি’ সিনেমায় প্রথমবার চঞ্চলের বিপরীতে পৌলমী

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রের জন্য অনুদান ও পুরস্কার পেলেন নির্মাতা শামস

দেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’, চলছে চলচ্চিত্র জমা নেওয়া

ঈদের পর দেশে মুক্তি পেল নতুন সিনেমা