হোম > বিনোদন > সিনেমা

এ সপ্তাহের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘ডিসক্লোজার ডে’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদের পর আজ দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর সঙ্গে মুক্তি পাচ্ছে স্পিলবার্গের নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’।

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

নির্মাতা আকাশ হক জানিয়েছিলেন, ঈদে সম্ভব না হলেও ঈদ উৎসবের আমেজ থাকতেই মুক্তি দিতে চান দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। সে অনুযায়ী আজ স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলে উঠে এসেছে বিগত সময়ের অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শের টানাপোড়েন এবং তরুণ সমাজের সংগ্রামের বাস্তব প্রতিফলন। সিনেমাটি প্রযোজনাও করেছেন আকাশ হক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান, নিলয় বালা প্রমুখ।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘এই সিনেমায় ছাত্ররাজনীতির অন্দরমহলের চিত্র উন্মোচন করতে চেয়েছি। যেটার বিষয়ে অনেকেই জানে কিন্তু দেখেনি। রূঢ় বাস্তবতাকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য।’

এ বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল সিনেমার। উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা হয় সিনেমাটি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে সেরা চলচ্চিত্র হিসেবে হীরালাল সেন পদক জিতে নেয় দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। প্রেক্ষাগৃহেও দর্শক সিনেমাটি পছন্দ করবে বলে আত্মবিশ্বাসী নির্মাতা।

ডিসক্লোজার ডে

দীর্ঘদিন ব্যক্তিগত ও আবেগঘন গল্পভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পর এবার স্পিলবার্গ ফিরেছেন তাঁর পরিচিত বিজ্ঞান কল্পকাহিনির জগতে। ডিসক্লোজার ডের কাহিনি পুরোপুরি প্রকাশ করা না হলেও জানা গেছে, এটি ভিনগ্রহের প্রাণীর পৃথিবীতে আগমন এবং সেই সত্য গোপন রাখতে একটি বৃহৎ সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এর আগেও ‘ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’, ‘ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড’ এবং ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এর মতো সিনেমায় স্পিলবার্গ অজানা জগৎকে মানবিক আবেগের সঙ্গে সফলভাবে উপস্থাপন করেছেন।

ডিসক্লোজার ডে সিনেমায় এমিলি ব্লান্ট অভিনয় করেছেন একজন আবহাওয়া সংবাদকর্মীর চরিত্রে, যার সঙ্গে ভিনগ্রহের আগন্তুকদের রহস্যময় যোগাযোগ রয়েছে। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক ব্যক্তির ভূমিকায়, যিনি মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগের প্রমাণ হাতে পেয়েছেন। আর কলিন ফার্থ অভিনয় করেছেন ক্ষমতাধর এক প্রশাসনিক কর্মকর্তার চরিত্রে, যিনি সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। এর আগে তিনি স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’ সিনেমায় কাজ করেছিলেন। আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিন থেকে সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শক।

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’

শাকিব খানকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল