হোম > বিনোদন > বলিউড

‘যাও আইসক্রিম বেচো’—‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনার জবাবে এ আর রহমান

আজকের পত্রিকা ডেস্ক­

‘রামায়ণ’ চলচ্চিত্রের গান তৈরি করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন মেগা-বাজেট চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’-এর সম্প্রতি মুক্তি পাওয়া ‘মঙ্গল রং’ গানটি নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। কাজের প্রতিক্রিয়া বা সমালোচনা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন মনে করেন না জানিয়ে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

এ আর রহমান বলেন, ‘আপনি যদি পৃথিবীর সবাইকে খুশি করতে চান, তবে সংগীত ছেড়ে আইসক্রিম বিক্রি করতে যান।’

নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ চলচ্চিত্রের প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। তার ঠিক কয়েক দিন আগে ‘স্ক্রিন’ সাময়িকীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের সৃজনশীল প্রক্রিয়া ও গানটি নিয়ে ওঠা বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।

অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং কবি কুমার বিশ্বাসের লেখা ‘মঙ্গল রং’ গানটি মূলত রাম ও সীতার বিয়ের পটভূমিতে তৈরি। তবে গানটি মুক্তির পরপরই শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শ্রোতা অভিযোগ করেন, গানটির সুর ও বাদ্যযন্ত্রের আয়োজনে ‘কাওয়ালি’ ধারার প্রভাব রয়েছে, যা পৌরাণিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকেই ঐতিহ্যবাহী সনাতন সুর আশা করেছিলেন। এ ছাড়া রাবণের তাণ্ডব দৃশ্যের সংগীতে ব্যবহৃত ইলেকট্রনিক বাদ্যযন্ত্র নিয়েও হতাশা প্রকাশ করেছেন অনেকে।

এসব সমালোচনার উত্তরে এ আর রহমান বলেন, কোনো একটি সুর বা কাজকে খুব দ্রুত বিচার করা ঠিক নয়।

‘আমি নিজেই আমার কাজের সবচেয়ে বড় সমালোচক। এমন নয় যে আমি যা তৈরি করি তার সবই অন্ধভাবে পছন্দ করি। আমরা একদিনে কোনো সিদ্ধান্ত নিই না। একটি সুরের পেছনে মাসের পর মাস সময় দিতে হয়’, বলেন এ আর রহমান।

আচারের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, ‘কিছু সুর বা গানের ধরন আচারের মতো—যত পুরোনো হয়, তার স্বাদ তত খোলে। মানুষের বোঝা উচিত যে এই সুরের পেছনে একটি নৃতাত্ত্বিক চিন্তাভাবনাও থাকতে পারে।’

এ আর রহমান মনে করেন, অনেক সময় শ্রোতারা একটি কাজের পুরো চিত্র না দেখে কেবল একটি বিশেষ অংশ ধরে সমালোচনা করেন। একটু ধৈর্য ধরলে তাঁরা বুঝতে পারবেন কেন নির্দিষ্ট সুর বা বাদ্যযন্ত্র বেছে নেওয়া হয়েছে।

সাক্ষাৎকারে ‘রামায়ণ’-এর ব্যাকগ্রাউন্ড স্কোরে অস্কারজয়ী বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমারের সঙ্গে নিজের যৌথ কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন এ আর রহমান।

তিনি বলেন, ‘এই চলচ্চিত্রে হ্যান্স জিমারের যুক্ত থাকা আন্তর্জাতিক দর্শকদের মধ্যে এক বিশাল কৌতূহল তৈরি করবে। এটি চলচ্চিত্রটিকে বিশ্বমঞ্চে নতুন একদল দর্শকের কাছে পৌঁছে দেবে।’

প্রকল্পটির সংগীত নির্মাণের বিশালতা বোঝাতে গিয়ে এ আর রহমান উল্লেখ করেন, ‘এই সিনেমাটিতে প্রায় ১০টি সিনেমার সমপরিমাণ কাজের চাপ ছিল। হলিউড ও ভারতীয় সংস্করণ মিলিয়ে মোট পাঁচটি ভিন্ন ভাষায় গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করা হয়েছে।’

নীতিশ তিওয়ারি পরিচালিত এবং নামিত মালহোত্রা প্রযোজিত দুই পর্বের এই মহাকাব্যিক চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে দক্ষিণ ভারতীয় তারকা ইয়াশ। আগামী ৫ নভেম্বর প্রথম পর্বের মুক্তির পর ২০২৭ সালের দীপাবলিতে চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহে আসবে।

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে দেখা দিলেন অমিতাভ বচ্চন

মাস্কের আগেই ভারত ৫ হাজার বছর পূর্বে উড়ন্ত গাড়ি তৈরি করে: রণবীর কাপুর

সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

রামায়ণ সিনেমায় কাওয়ালি? এ আর রহমানের নতুন গান নিয়ে বিতর্ক

২১ বছর পর প্লেব্যাকে শানু-উদিত জুটি

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

প্রায় দেড় যুগ পর নতুন রূপে ফিরছে ‘নার্নিয়া’

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিকুয়েলের ঘোষণা