হোম > বিনোদন > বলিউড

ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুকেশ ঋষি। ছবি: সংগৃহীত

ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে বলিউডের প্রখ্যাত অভিনেতা মুকেশ ঋষির। নির্মাতা মোহাম্মদ ইকবালের অ্যাকশন ঘরানার নতুন সিনেমা ‘নসীব’-এ যুক্ত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় দেখা যাবে তাঁকে। নির্মাতা ইকবাল নিজেই মুকেশ ঋষির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করছেন মুকেশ ঋষি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সানি দেওল থেকে শুরু করে আমির খান, সালমান খান ও হৃতিক রোশনের মতো শীর্ষ তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। হিন্দি ছাড়াও তেলুগু, তামিল, মালয়ালম ও পাঞ্জাবি সিনেমায় তাঁর সরব উপস্থিতি রয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই খলচরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেতা নসীব সিনেমাতেও নেতিবাচক চরিত্রে হাজির হবেন। শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই তাঁর বাংলাদেশে আসার কথা রয়েছে।

নির্মাতা জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে নসীব সিনেমার প্রথম ধাপের দৃশ্যধারণ শেষ হয়েছে। তবে সিনেমায় মূল চরিত্রে কারা আছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শিগগিরই বড় আয়োজনের মাধ্যমে নতুন এই জুটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইকবাল। তিনি আরও জানান, ৯ নভেম্বর থেকে বগুড়ায় শুরু হবে সিনেমাটির দ্বিতীয় অংশের শুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের যেকোনো ঈদে নসীব প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এদিকে নসীবের কাজ শেষ করেই আরেকটি বড় আয়োজনের সিনেমায় হাত দেবেন মোহাম্মদ ইকবাল। আগামী ১ ডিসেম্বর থেকে ফ্লোরে গড়াবে তাঁর পরিচালিত ‘গুলশানের চামেলি’। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে টালিউড অভিনেত্রী মধুমিতা সরকারের।

‘যাও আইসক্রিম বেচো’—‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনার জবাবে এ আর রহমান

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে দেখা দিলেন অমিতাভ বচ্চন

মাস্কের আগেই ভারত ৫ হাজার বছর পূর্বে উড়ন্ত গাড়ি তৈরি করে: রণবীর কাপুর

সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

রামায়ণ সিনেমায় কাওয়ালি? এ আর রহমানের নতুন গান নিয়ে বিতর্ক

২১ বছর পর প্লেব্যাকে শানু-উদিত জুটি

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

প্রায় দেড় যুগ পর নতুন রূপে ফিরছে ‘নার্নিয়া’

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান