হোম > বিনোদন > টেলিভিশন

আবার মঞ্চে আসছে ‘রাত ভ’রে বৃষ্টি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘রাত ভ’রে বৃষ্টি’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।

শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১ ও ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এবং ৩ এপ্রিল বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপভোগ করা যাবে রাত ভ’রে বৃষ্টি।

বুদ্ধদেব বসুর ‘রাত ভ’রে বৃষ্টি’ উপন্যাস থেকে এই নাটক। ১৯৬৭ সালে প্রকাশিত উপন্যাসটি অশ্লীল ও সমাজবিরোধী আখ্যায় আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছিল। প্রায় ছয় বছর বিচারকার্য চলার পর নিষেধাজ্ঞা উঠে যায়। বুদ্ধদেব বসুর এই আলোচিত উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার ও রঞ্জন দে সাথী।

নির্দেশক সাইফ সুমন জানিয়েছেন, রাত ভ’রে বৃষ্টি বিয়ে ও সংসার নামক যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপোড়েনের গল্প। মধ্যবিত্ত সমাজজীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী-পুরুর দাম্পত্য সম্পর্কের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিলতা, বিশ্বাস-অবিশ্বাসের সংশয়ী প্রকাশও বটে।

সাইফ সুমন বলেন, ‘সমাজের সবচেয়ে জটিল স্তরের বাসিন্দা মধ্যবিত্ত শ্রেণি। সেই মধ্যবিত্ত দাম্পত্য সম্পর্কের মানসিক ও জৈবিক টানাপোড়েন এবং তাদের অব্যক্ত মনোকথনই এ নাটকের উপজীব্য। প্রায়োগিক সৌন্দর্যের পাশাপাশি থিয়েটারের মূল সৌন্দর্য অভিনয়। সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি এ প্রযোজনায়। আছে বুদ্ধদেব বসুর ভাষারও সৌন্দর্য। আগের প্রযোজনার সেট, কস্টিউম, অভিনয়, ডিজাইনেও এসেছে পরিবর্তন।’

নির্দেশক জানান, ২০২০ সালের ৪ মার্চ নাটকটির সবশেষ প্রদর্শনী হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে। ওই বছরের ২৪ মার্চ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি।

জন্মদিনে রকস্টার লুকে হাজির হলেন শাকিব খান

সিনেমার প্রচারে ঢাকায় এলেন শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী

ঢালিউডের নয়া ভিলেন সোহেল মণ্ডল

তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’র জনপ্রিয়তা ছড়িয়েছে ৭০টির বেশি দেশে

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

প্রিন্সের শো নিয়ে কাটছে না জটিলতা

সমুদ্রসৈকতে আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

মুগ্ধ করল হ্যারি পটার সিরিজের প্রথম ঝলক