২০২৪ সালে কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানানোর ঘোষণা দিয়েছিল সনি পিকচারস। গত বছর প্রকাশ করা হয় অভিনয়শিল্পীদের নাম। এবার এল ফার্স্ট লুক। গত শুক্রবার সনি পিকচারস ফার্স্ট লুক প্রকাশ করতেই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
দ্য বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে একটি করে সিনেমা। সব মিলিয়ে চারটি সিনেমা বানাচ্ছেন পরিচালক স্যাম মেন্ডিস। এতে জন লেননের চরিত্রে অভিনয় করছেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে আছেন ব্যারি কেওগান।
ফার্স্ট লুকে যেন হুবহু উঠে এসেছেন পল ম্যাককার্টনি, জন লেনন, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার। অনলাইনে ফার্স্ট লুক প্রকাশের আগে এগুলো পোস্টকার্ড আকারে হাতে হাতেও বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পোস্টকার্ডগুলো বিলি করা হয় পল ম্যাককার্টনির প্রতিষ্ঠিত স্কুল লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টসে, লিভারপুলে জন লেননের শৈশবের বাড়ি, হামবুর্গ, নিউইয়র্ক, টোকিওর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রেকর্ড স্টোর, ক্যাফে, বার, রেস্তোরাঁ, ক্লাব এবং দ্য বিটলসের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে।
রক গানের ইতিহাসে দ্য বিটলস সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ব্যান্ড। বিটলস তৈরির ইতিহাস, ব্যান্ডের চার সদস্যের গল্প, তাঁদের জার্নি—প্রায় সবই জানা ভক্তদের। এ কথা মাথায় রেখেও পরিচালক স্যাম মেন্ডিস বলছেন, ‘আরও অনেক কিছু অজানা রয়ে গেছে এ ব্যান্ড সম্পর্কে, সেসব গল্প আমরা এ সিনেমাগুলোয় দেখাব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রক ব্যান্ডের গল্প পর্দায় আনার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’
দ্য বিটলস নিয়ে সিনেমা বানানোর কথা আগেও অনেকে ভেবেছিলেন। তবে ব্যান্ডটি এবং এর সদস্যদের উত্তরসূরিদের অনুমতি মেলেনি। প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচারস ও পরিচালক স্যাম মেন্ডিসের বিশদ পরিকল্পনা শুনে অনুমতি দিয়েছেন তাঁরা। এরপর থেকেই জোরেশোরে শুরু হয়েছে বায়োপিকের কার্যক্রম। জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে দ্য বিটলস নিয়ে একসঙ্গে চারটি সিনেমাই মুক্তি পাবে।