হোম > বিনোদন > সিনেমা

ঈদের সিনেমা নিয়ে হতাশ হলমালিকেরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। প্রতিবছর দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার হিড়িক পড়ে, দর্শকেরাও এ সময়টা ভিড় জমান সিনেমা হলে। আশায় বুক বাঁধেন হলমালিকেরা। বন্ধ থাকা অনেক সিনেমা হল চালু হয় ঈদের মৌসুমে। তবে এবার সেই আশায় যেন গুড়েবালি। সিনেপ্লেক্সে ভিড় থাকলেও ঈদের সিনেমা হতাশ করেছে সিঙ্গেল স্ক্রিন ব্যবসায়ীদের।

এবার রোজার ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলেছে কেবল ‘প্রিন্স’। ঈদে সারা দেশের ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমাটি। প্রতি ঈদের মতো এবারও শাকিবের সিনেমা নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল হলমালিকদের। তবে সেই প্রত্যাশা এবার শতভাগ পূরণ হয়নি বলে জানালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। সময়মতো ডিসিপি না দেওয়ায় ঈদের দিন অনেক হলে প্রদর্শনী করা যায়নি। ফলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। তা ছাড়া ঈদের অন্য সিনেমাগুলো শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়নি বলে মতামত দেন প্রদর্শক সমিতির সভাপতি। এ নিয়ে আগামীকাল বুধবার একটি সভা হওয়ার কথা জানালেন তিনি। এ সভায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার আভাস দিলেন তিনি।

আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদের দিন ৫০টির বেশি হলে ঠিকমতো সিনেমা চালাতে পারেননি হলমালিকেরা। অনেক হলের সার্ভারে সিনেমাটি ঠিকভাবে আপলোড করা যায়নি। কোনো কোনো হলে তো পরের দিনেও ঠিকভাবে প্রদর্শনী করা যায়নি। এ ছাড়া অনেক হলে সিনেমা চললেও মাঝে সাউন্ড বন্ধ হয়ে যাওয়াসহ নানা সমস্যা হয়েছে। এতে সিনেমা দেখতে আসা দর্শকেরা ক্ষুব্ধ হয়ে সিনেমা হলে ভাঙচুর করেছে। সব মিলিয়ে লসের মধ্যেই আছে সবাই। ঈদের সিনেমা নিয়ে হলমালিকদের যে প্রত্যাশা থাকে, তা পূরণ হয়নি এবার।’

ঈদে সিঙ্গেল স্ক্রিনে একটি সিনেমা মুক্তি দেওয়া প্রসঙ্গে এই প্রদর্শক নেতা বলেন, ‘অন্য সিনেমাগুলোর বিষয়ে ঈদের আগেই ঘোষণা দেওয়া হলো, প্রথম সপ্তাহে এগুলো সিঙ্গেল স্ক্রিনে চালানো হবে না। এই সিদ্ধান্তটা কিন্তু সিনেমা হলসহ পুরো ইন্ডাস্ট্রিতে বাজে একটা প্রভাব ফেলেছে। না চাইলেও হলমালিকদের একটি সিনেমাই চালাতে হয়েছে। এখন আমরা বাকি সিনেমাগুলো সিনেমা হলে চালাব কি না, এ নিয়ে ভাবছি। অন্যদিকে, প্রিন্স সিনেমার সমস্যাগুলো নিয়েও অনেকের অভিযোগ জমা পড়েছে। ১ এপ্রিল বুধবার আমাদের সভা আছে। সেখানে সবার সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে কঠিন পদক্ষেপ নেবে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।’

সিঙ্গেল স্ক্রিনে হতাশ করলেও ঈদের সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখনো বেশির ভাগ সিনেমার শো হাউসফুল যাচ্ছে। গত রোববার বনলতা এক্সপ্রেস সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস জানিয়েছে, প্রথম আট দিনে তাদের গ্রস সেল ২ কোটি ২৬ লাখ টাকা। দম, রাক্ষস ও প্রেশার কুকার সিনেমার নির্মাতারা আনুষ্ঠানিকভাবে আয়ের কথা না জানালেও আয় নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে প্রত্যাশা অনুযায়ী সিনেপ্লেক্সেও সুবিধাজনক অবস্থানে নেই প্রিন্স। লায়ন সিনেমাস, কে স্ক্রিন সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, মধুবন সিনেপ্লেক্সে চললেও ডিসিপি সমস্যার কারণে প্রথম চার দিন স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় সিনেমাটি প্রদর্শিত হয়নি। পরবর্তী সময়ে কারিগরি ত্রুটির সমাধান করে পঞ্চম দিন থেকে সেখানে চলছে প্রিন্স।

রাহাত ফতেহ আলী খান ও শাহ জামান খানকে সম্মাননা

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্ত দাবি সহকর্মীদের

যুদ্ধের ধাক্কায় বদলে গেল শাহরুখের পরিকল্পনা

রকস্টার সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে মিলে যায়

দুই বছর পর শিল্পকলায় ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোর

নিজের গাড়িচালকের ছেলেকে প্রার্থী করলেন থালাপতি বিজয়

শুটিংয়ে গিয়ে পানিতে তলিয়ে গেলেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

ওটিটির দর্শকেরা মজেছেন চক্র ২-এ

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

আরটিভির নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’