বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে দেশে শুরু হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। প্ল্যাটফর্মটির স্লোগান ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’। ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা চলছে প্ল্যাটফর্মটির।
শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চায় উৎসব। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সেটি সবচেয়ে আগে ওটিটিতে দেখা যাবে এই প্ল্যাটফর্মেই। শুধু নতুন সিনেমা নয়, নতুন-পুরোনো মিলিয়ে শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে উৎসব। যা বাংলা সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক নতুন ভান্ডার।
উৎসব ওটিটি প্ল্যাটফর্মের প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন জাহিদ হাসান অভি। নতুন এই প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ, আরও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকেরা সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।’
অভি আরও বলেন, ‘দেশে সিনেমা হল কমে এসেছে। প্রতিটি জেলায় সিনেমা হল না থাকায় দর্শকেরা নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, বাংলা সিনেমা পৃথিবীজুড়ে মুক্তি পেলেও এখনো অনেক প্রবাসী নতুন বাংলা সিনেমা দেখার সুযোগ পান না। তাদের জন্য আমাদের উৎসব প্ল্যাটফর্ম নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।’
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে দর্শকেরা নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পারবেন বলে জানান অভি। পরবর্তী সময়ে গুগল প্লে স্টোর থেকে উৎসব অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন সহজে।