নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বাপ্পারাজ। জানালেন, শিল্পীদের চাওয়াতেই সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাপ্পারাজ বলেন, ‘সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম সবাই আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শিল্পীরা চান আমি যেন সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বাপ্পারাজের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়বেন রুমানা ইসলাম মুক্তি। বাপ্পারাজ বলেন, ‘আমার বাবা শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বিগত সময় আমিও কমিটিতে ছিলাম। আনুদিও (আনোয়ারা বেগম) একসময় কমিটিতে ছিলেন। সম্প্রতি মুক্তিও দায়িত্ব পালন করেছে। আমরা পরবর্তী প্রজন্ম নতুন মেয়াদের নেতৃত্বে শিল্পীদের জন্য কাজ করতে চাই। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি, শিল্পীরা সুযোগ দিলে তাঁদের কল্যাণে তা বাস্তবায়ন করব।’
গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। আগামী জুলাই কিংবা আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬-২৮ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন।