হোম > শিক্ষা > ক্যাম্পাস

তিন ধাপে চেক, কালি মুছে গেলেও জাল ভোটের সুযোগ নেই: চাকসু প্রধান নির্বাচন কমিশনার

ওমর ফারুক, চবি থেকে

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এতে কোনো সমস্যা দেখছে না কর্তৃপক্ষ। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে পাঁচ কেন্দ্রে চলছে চাকসুর ভোট গ্রহণ।

ইতিমধ্যে দ্রোহ পর্ষদ, ছাত্রদল এবং ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের পক্ষ থেকে কালি মুছে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও বাস্তবে তা মানা হয়নি। প্রশাসন ইতিমধ্যে তাদের দায় স্বীকার করেছে। এটা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।

এদিকে ভোট দিয়ে বের হওয়া মেরিন সায়েন্স ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর হাসনাত ছিদ্দিক তন্ময় বলেন, ‘আমি বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ভোট দিয়েছি। ভোট খুব সুন্দরভাবে চলছে।’ কালি মুছে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার হাতে যে কালি দেওয়া হয়েছে, সেটাও উঠে গেছে। তবে আমি মনে করি, এতে কোনো সমস্যা নেই। কারণ, ভোটার তালিকায় ভোটারের ছবি দেখে ক্রসচেক করা হচ্ছে। পাশাপাশি স্বাক্ষরও নেওয়া হচ্ছে। তাই যে একবার ভোট দিচ্ছে, তার দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত এভাবে চললে আশা করছি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে।’

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘অভিযোগটি আমাদের কাছে এসেছে। তবে আমরা বাংলাদেশে এর চেয়ে ভালো কালি পাইনি। এর চেয়ে ভালো কালি দিতে হলে বিদেশ থেকে আনতে হবে। কিন্তু কালি মুছে গেলেও একজন ভোটারের দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই। কারণ, সবাইকে তিন ধাপে চেক করা হচ্ছে, প্রথমে ভোটারের সিরিয়াল নম্বর চেক করা হচ্ছে, এরপর আইডি নম্বর, এরপর ভোটারের নাম ও ছবি মিলিয়ে দেখে স্বাক্ষর নেওয়া হচ্ছে। তাই কারও পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব নয়।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন, র‍্যাগিং হলে ব্যবস্থা

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল প্রাং

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি প্রক্টর

তোমাকে ভালোবাসি মা

‎ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ

পাবিপ্রবি থেকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে মীর জুবায়ের

বিশ্বমঞ্চে তিন তরুণের উদ্ভাবন ‘আকাশ পাঠাব’ দল