হোম > শিক্ষা > ক্যাম্পাস

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎আজ সোমবার ইউজিসি অডিটোরিয়ামে খসড়া অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালার ওপর এক কর্মশালার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

‎উচ্চশিক্ষা ও গবেষণায় চৌর্যবৃত্তি (প্লেজিয়ারিজম) প্রতিরোধে সর্বজনীন অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।‎

‎আজ সোমবার কমিশনের অডিটোরিয়ামে খসড়া অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালার ওপর অংশীজনদের মতামত গ্রহণের উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার।‎

‎প্রফেসর মাছুমা হাবিব বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদাভাবে অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়গুলো বিচ্ছিন্নভাবে এসব নীতিমালা বাস্তবায়ন করছে। ইউজিসি’র উদ্যোগে কেন্দ্রীয়ভাবে একটি নীতিমালা তৈরি করা হলে তা সবার জন্য অভিন্ন নির্দেশনা হিসেবে কাজ করবে।

‎তিনি বলেন, এ নীতিমালা বিশেষ করে নবীন গবেষকদের জন্য সহায়ক হবে। এর মাধ্যমে সাইটেশন, তথ্য-উপাত্ত ব্যবহারের নিয়মসহ গবেষণার নৈতিক দিকগুলো সম্পর্কে গবেষকেরা পরিষ্কার ধারণা পাবেন। এটি গবেষণায় চৌর্যবৃত্তি রোধ এবং এ বিষয়ে সচেতনতা বাড়াবে বলে তিনি মনে করেন। ‎

‎ইউজিসি’র এই সদস্য আরও বলেন, দেরিতে হলেও ইউজিসি অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা বিষয়ে কাজ করছে। এ জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অংশীজনদের মতামত নীতিমালাটিকে সর্বজনীন ও বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য করে তুলবে বলে তিনি মনে করেন।

‎গবেষণায় চৌর্যবৃত্তি রোধে প্রফেসর মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের নীতি-নৈতিকতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নৈতিক শিক্ষা নিয়ে শিক্ষকেরা শিক্ষার্থীদের সামনে দাঁড়ালে গবেষণায় চৌর্যবৃত্তি হবে না বলে তিনি মনে করেন।

‎‎ড. দুর্গা রানী সরকার বলেন, উচ্চশিক্ষায় একাডেমিক ও গবেষণা প্রতিবেদন তৈরির ক্ষেত্রে চৌর্যবৃত্তি প্রতিরোধে ইউজিসি একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। খসড়া নীতিমালা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রশাসক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এসব মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী এনে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।

‎‎এসপিকিউএ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় ২১টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ ইউজিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার শিক্ষক সাখাওয়াত আলী খান আর নেই

জবি উপাচার্যসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী

জবিতে চতুর্থ মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২৫ মার্চ থেকে

বেরোবির প্রথম অ্যালামনাই নির্বাচনে সভাপতি সাগর, সেক্রেটারি সাইফুল

মা-বাবাকে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম: মেডিকেলে প্রথম শান্ত

‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকেই সব বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু

ড. ফরহাদের নেতৃত্বে বুটেক্সে সর্বোচ্চ গবেষণা অনুদান

ইফতারে প্রাণের বন্ধনে পাঠকবন্ধু বগুড়া শাখা

নারী দিবসে তরুণীদের ভাবনা