হোম > সারা দেশ > রংপুর

ব্রাকসু তফসিল কার্যক্রম চালুর দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বেরোবি প্রতিনিধি 

সংবাদ সম্মেলনে কথা বলেন বেরোবি শিক্ষার্থীরা। ছবি : আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল কার্যক্রম আগামী ৭২ ঘণ্টার মধ্যে চালু করতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে ব্রাকসু তফসিল কার্যক্রম চালুর দাবি এবং বেরোবি প্রশাসনের বিরুদ্ধে প্রতারণা ও হঠকারিতার অভিযোগ তুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয় নানা অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত। শিক্ষার্থীরা বিশ্বাস করে এসব অনিয়ম, উন্নয়নবৈষম্য, সেই সঙ্গে অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে শিক্ষার্থী সংসদের বিকল্প নেই। কিন্তু বড় পরিতাপের বিষয় প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে “শিক্ষার্থী সংসদের কল্যাণ তহবিল” নামে শিক্ষার্থীদের থেকে প্রতিবছর বিপুল অর্থ গ্রহণ করা হয়েছে, যা ব্যয়ের কোনো সুস্পষ্ট তথ্য বিগত প্রশাসনের কাছে নেই। চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ক্যাম্পাসে শিক্ষার্থী সংসদ প্রতিষ্ঠা আমাদের প্রাণের দাবি হয়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিভিন্নভাবে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ এবং নানা ধরনের সভা-সেমিনারের মধ্য দিয়ে দাবি জানিয়ে আসে। এমনকি মৃত্যুমুখী অনশন কর্মসূচি করে শিক্ষার্থীরা ছাত্র সংসদের অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক গেজেট আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে।’

শামসুর রহমান সুমন বলেন, ‘বড় দুঃখের বিষয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হলেও অদ্যাবধি নির্বাচন আয়োজনে প্রশাসন যথোপযুক্ত ভূমিকা রাখতে পারেনি, বরং নির্বাচন আয়োজনের নামে চতুরতা করে বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন গঠনে কালবিলম্ব, ক্ষণে ক্ষণে নির্বাচন কমিশনের পদত্যাগ, হঠাৎ তফসিল স্থগিতকরণ, ভোটার তালিকা সংশোধনের নামে টালবাহানা, নির্বাচনের তারিখ পেছানো, সর্বশেষ ডোপ টেস্ট, মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রচারণায় অংশ নিয়ে পদপ্রত্যাশী শিক্ষার্থীরা কষ্টার্জিত অর্থ খরচ করে, কিন্তু হঠাৎ তফসিল স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা স্পষ্টত শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।’

শিক্ষার্থীদের পক্ষে (ইইই) বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের তফসিল চালু করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে নির্ধারিত আলটিমেটাম পেরিয়ে গেলে বিক্ষোভ ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রশাসনের প্রতারণার কঠোর জবাব শিক্ষার্থীরা দিতে বাধ্য হবে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনে বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদ যুক্ত হয় এবং ৪ নভেম্বর প্রথম নির্বাচন কমিশন গঠিত হলেও বারবার তফসিল পরিবর্তন, প্রধান নির্বাচন কমিশনারের বারবার পদত্যাগ, নির্বাচন কমিশন থাকলেও কার্যক্রম বন্ধ থাকাসহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত বেরোবিতে ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

একমাত্র অ্যাম্বুলেন্স ৭ বছর ধরে বিকল

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের কর্মসূচি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়: আবু সাঈদের বাবা

রংপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়া

সাত বছর ধরে বিকল অ্যাম্বুলেন্স, সেবাবঞ্চিত ইউনিয়নবাসী

তিন সন্তান প্রতিবন্ধী, নাতি-নাতনি নিয়ে মানবেতর জীবন রাবেয়ার

আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, দাবি বেরোবি শিক্ষার্থীর

গঙ্গাচড়ায় সড়কের ইট সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

রংপুর মহানগর: দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল সড়ক

মাঝরাতে মাটিভর্তি ডাম্প ট্রাক জব্দ, ভোরে থানা থেকে উধাও