প্রায় তিন বছর আগে ফরিদপুর থেকে রাজবাড়ী যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু ইদ্রিস মিয়া। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি পরিবার। অবশেষে তিন বছর পর সেই ইদ্রিসকে খুঁজে পেয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে শিবচর থানা-পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল ইদ্রিস নামের এক শিশু। নিজের নাম ও বাবার নাম ছাড়া অন্য কোনো তথ্য বলতে না পারায় স্থানীয় কয়েকজন যুবক তাকে শিবচর থানায় নিয়ে যান।
পরে পুলিশ শিশুটির পরিচয় শনাক্তে কাজ শুরু করে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি প্রকাশ করে পরিচয় জানতে আহ্বান জানানো হয়।
শিবচর থানা-পুলিশ জানায়, হারিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত ইদ্রিস। হাটবাজার ও কলকারখানায় কাজ করে কোনোভাবে দিন কাটিয়েছে সে। নিজের এলাকার নাম-ঠিকানা না জানায় বাড়ির পথও খুঁজে পায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর বিষয়টি ফরিদপুরের কোতোয়ালি থানার বাসিন্দা সজিব মিয়ার নজরে আসে। তিনি শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে শিশুটিকে নিজের ছেলে বলে শনাক্ত করেন। পরে স্বজনদের নিয়ে শিবচর থানায় আসেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে থানায় এসে ছেলেকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সজিব মিয়া। দীর্ঘদিন পর বাবা-ছেলের এই মিলনের দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশ সব সময় মানুষের পাশে রয়েছে। হারিয়ে যাওয়া শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।’
উদ্ধার হওয়া শিশুটির পরিবার শিবচর থানা-পুলিশসহ মাদারীপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।