হোম > অর্থনীতি > করপোরেট

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের সমাপ্তি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’ শেষ হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসবের পর্দা নামে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান জনাব ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ইফফাত আমবারিন জয়া ও ভাইস চেয়ারম্যান এম আমীর আলী মোস্তফা, ট্রেজারার জনাব রেশাদ হোসেন খান এবং প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর জনাব অজয় কুমার কুন্ডু। এ ছাড়াও ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উল্লাস ২০২৬ ’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস জেরিন করিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি ও সিলভার স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মিসেস নাবিলা খালিদ এবং সিলভার স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান।

গত ৩০ অক্টোবর শুরু হওয়া এ উৎসবে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী অংশ নেন। সপ্তাহব্যাপী আয়োজনে ছিল ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট। এগুলো হলো ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, সাতজনের ফুটবল, গলফ,৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গুলশান ইয়ুথ ক্লাবের সেক্রেটারি জেনারেল ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজন সফল করতে অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পরে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে উৎসবের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সভাপতিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি উৎসব আয়োজনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্পনসর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও সম্মাননা জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ক্লাবভিত্তিক ক্রীড়া আয়োজন নতুন প্রতিভা বিকাশ, দলগত মনোভাব তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) তাঁর বক্তব্যে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এ ক্ষেত্রে ইতিবাচক সামাজিক বার্তা প্রচারে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের খেলাধুলার মান বাড়ানোর পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে। এ সময় তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উল্লাস ২০২৬ ’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম। এ ছাড়া প্রাইম ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য দেন ক্লাবের প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। তিনি পৃষ্ঠপোষক, অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ, গণমাধ্যমকর্মী ও সহযোগী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনুষ্ঠানিক পর্ব শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা শারমিন লাকীর সঞ্চালনায় এতে সংগীত পরিবেশন করে ব্যান্ড পার্পল হেইজ (Purple Haze) এবং সংগীতশিল্পী দীঠি আনোয়ার। তিনি কিংবদন্তি গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা। পরে সংগীতসন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ’-এর সমাপ্তি ঘটে।

ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন: নাসিম মঞ্জুর

অগ্রণী ব্যাংকের ৭৫ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে টাউন হল সভা

আপনার যা লাগছে, সব ‘মুক্ত’ অ্যাপে থাকছে

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ফ্রিজ কিনে বিনা মূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

সাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

ফার্স্টট্রিপের ‘১১.১১’ ট্রাভেল সেল ক্যাম্পেইনে ফ্লাইটে সর্বোচ্চ ২০ ও হোটেলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়

যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক