মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হলে তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যরা। একই সঙ্গে শ্রমবাজারে সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ, অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. মোখতার আহমেদের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান বায়রার সাবেক প্রতিনিধিরা।
স্মারকলিপিতে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা এজেন্সির একচেটিয়া আধিপত্য যেন প্রতিষ্ঠিত না হয়। তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ যোগ্য সব রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কাজের সুযোগ দিতে হবে। পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগের সুযোগ বন্ধ করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া চালুর দাবি জানানো হয়।
বায়রার সাবেক সদস্যদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমানো, সব যোগ্য মেডিকেল সেন্টারের জন্য সুযোগ উন্মুক্ত করা এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিস চালু করা।
প্রতিনিধিদের দাবিগুলো শুনে প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুযোগ নিয়ে সাধারণ কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সচিব বলেন, দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ‘ত্রিপল এ ওভারসিজ’ নামের একটি প্রতিষ্ঠানের অফিস সিলগালা, জরিমানা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, মালয়েশিয়ায় ঠিক কোন প্রক্রিয়ায় নতুন করে কর্মী পাঠানো হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন। চূড়ান্ত প্রক্রিয়া নির্ধারণের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে।
সচিব আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন।