জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ইস্টের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা আক্তার হীরা। শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় (জেনারেল অ্যাসেম্বলি) সাংবিধানিক কার্যক্রম শেষে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করা হয় এবং নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।
সভায় সালমা আক্তার হীরা আনুষ্ঠানিকভাবে লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর কোনো নারী হিসেবে জেসিআই ঢাকা ইস্টের নেতৃত্ব গ্রহণের মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন।
২০২৬ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদে রয়েছেন—এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান রাজীব, জেনারেল লিগ্যাল কাউন্সেল আশিক এলাহী মজুমদার, ভাইস প্রেসিডেন্ট রাইনুল ইসলাম ও আহমেদ ইমতিয়াজ সামাদ, সেক্রেটারি জেনারেল ইশা খান, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান শুভ এবং লোকাল ডিরেক্টর ওমর ফারুক ও মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালনা পর্ষদের কর্মকর্তা, সিনেটর, সাবেক জাতীয় ও লোকাল প্রেসিডেন্ট, বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে সালমা আক্তার হীরা সদস্যদের আস্থা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কার্যকর নেতৃত্ব, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা এবং তরুণ নেতাদের জন্য অর্থবহ সুযোগ সৃষ্টি করে জেসিআই ঢাকা ইস্টকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্বকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক অলাভজনক সদস্যভিত্তিক সংগঠন। জেসিআই ঢাকা ইস্ট, জেসিআই বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা লোকাল অর্গানাইজেশন হিসেবে নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে আসছে।