হোম > অর্থনীতি

আগামী ৫ বছরে গ্রামীণ উন্নয়নে জোর দেবে সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এবারের বাজেটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর বেশির ভাগই ব্যয় হবে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চলতি বছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ হাজার ২৪৬ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪২ হাজার ৪৩৩ কোটি টাকা। ফলে এ খাতে গত অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ কমছে ২ হাজার ১৮৭ কোটি টাকা। অন্যদিকে চলতি বছর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে ১ হাজার ১০৬ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ১০০ কোটি টাকা। এ বছর পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ৬ কোটি টাকা।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের আগামী ৫ বছরের বেশির ভাগ উন্নয়ন পরিকল্পনা দেশের গ্রামকে কেন্দ্র করে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করেন, গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছর ও মধ্য মেয়াদে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনার অনুযায়ী, পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা সম্প্রসারণ, ২০০টি উপজেলায় নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই আর্থিক অন্তর্ভুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, একই সাথে সহজ ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র ঋণ ও নারী উদ্যোক্তা ঋণ ব্যবস্থার সংস্কার এবং জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষক ও নারীদের আত্ম-কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

আমির খসরু বলেন, ‘গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রামীণ অর্থনীতি ও বাজার ব্যবস্থাকে গতিশীল করছে। সে কারণে আমরা আগামী অর্থবছরে সড়ক, সেতু, গ্রোথ সেন্টার উন্নয়ন ও সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা শক্তিশালী করার কার্যক্রম গ্রহণ করেছি।’

পল্লী উন্নয়ন ও সমবায় খাতে সুশাসন, উদ্যোক্তা সৃষ্টি, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং নারী-যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুষম ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে আমরা পদক্ষেপ নিচ্ছি। একই সাথে গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরিতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, গ্রামীণ সড়ক ও বাজার অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে বর্তমানে প্রায় ৯৩ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী সারা বছর চলাচলের উপযোগী সড়ক সুবিধার আওতায় এসেছে, যা পর্যায়ক্রমে ১০০ শতাংশ এ উন্নীত করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সেবা ডিজিটালাইজেশন কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন জোরদার করার মাধ্যমে সামাজিক সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সহায়তা দেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনায় কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন ও পৌরসভাসমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগর এলাকায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনরুদ্ধার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে যা নগর জীবনের মানোন্নয়নে সহায়ক হবে।

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

বাজেট বাস্তবায়ন ‘অসম্ভব নয়’, তবে ব্যাংকিং খাতের ঋণ নিয়ে উদ্বেগ এফবিসিসিআইয়ের

গ্যাসের চাপ কমতে পারে: তিতাস

চার দফা কমার পর সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী: দুই বছরে ঘুরে দাঁড়াবে দেশ

বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি

মাস্কের এক ট্রিলিয়ন ডলার দিয়ে কী করা সম্ভব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

সকল শ্রেণি-পেশার মানুষকে বিবেচনায় নিয়ে বাজেট হয়েছে: অর্থমন্ত্রী

বরাদ্দ সঠিকভাবে খরচে নজর দেওয়া জরুরি: ড. শাফিউন নাহিন শিমুল