হোম > অর্থনীতি

মাছ রপ্তানি থেকে আয় কমেছে ৬৭৯ কোটি টাকা

খুলনা প্রতিনিধি

চিংড়িসহ মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা খুলনা থেকে গত অর্থবছরে (২০২৩-২৪) মাছ রপ্তানি করে আয় কমেছে ৬৭৯ কোটি টাকা। গত অর্থবছরে ২ হাজার ১৪৪ কোটি টাকার অধিক মাছ ও মাছজাতীয় দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৬ হাজার টন চিংড়ি রপ্তানি করে ১ হাজার ৭৪৪ কোটি টাকা এবং ২৫ হাজার টন সাদা মাছ রপ্তানি করে আয় হয়েছে ৪০০ কোটি টাকার বেশি।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্‌যাপনের আগে গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এ তথ্য জানান। 

সভায় আরও জানানো হয়, খুলনা জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন ১ লাখ ২৫ হাজার টন। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের চাহিদা মাথাপিছু ৫০ গ্রাম। মোট মাছের চাহিদা ৫৭ হাজার টন।