দেশে বিদেশি বিনিয়োগ টানতে ২০২৫ সালে তৈরি করা ১৫০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের চিহ্নিত করে ধারাবাহিক যোগাযোগ এবং বিনিয়োগ প্রস্তাবগুলোকে কাঠামোবদ্ধভাবে ব্যবস্থাপনার ফলে এই বিনিয়োগ এসেছে।
গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডা। সংস্থাটি জানায়, ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে প্রায় ১৫০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইন তৈরি করা হয়। এর মধ্যে ১৫ শতাংশের বেশি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। বিডার তৈরি করা বিনিয়োগ পাইপলাইনে প্রধান উৎস দেশ হিসেবে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া।
বিডার তথ্য অনুযায়ী, হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তাদের সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করে ১৫ কোটি ডলার থেকে ৩০ কোটি ডলারে উন্নীত করেছে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির পোশাক কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। পরবর্তী ধাপে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে সমন্বিত টেক্সটাইল ও অ্যাপারেল কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে।
চীনের শানডং হেনগলি টেক্সটাইল টেকনোলজির সহযোগী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ টেক্সটাইল টেকনোলজি কোম্পানি নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করছে। বিডার মতে, এ প্রকল্পের মাধ্যমে দেশে উন্নত টেক্সটাইল প্রযুক্তি ও আধুনিক উৎপাদনব্যবস্থা যুক্ত হবে।