হোম > অর্থনীতি

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর সুযোগও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই এডি ব্যাংকগুলো এসব শিক্ষার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এ ছাড়া চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি বৈদেশিক মুদ্রা লেনদেন-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে চিকিৎসা ও শিক্ষা খাতে বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল করার পাশাপাশি আবাসিক বাংলাদেশিদের আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমার ক্ষেত্রেও নতুন শর্ত যুক্ত করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। এ জন্য আগে নির্ধারিত ১৫ হাজার ডলারের সীমা বাড়ানো হয়েছে। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার ক্ষেত্রে আগে বৈদেশিক মুদ্রা ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন প্রয়োজন হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে এডি ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। ফলে এসব পর্যায়ে পড়াশোনার জন্য বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো।

অন্যদিকে আরএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে শর্ত আরও নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক বাংলাদেশিরা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কেবল তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যদি তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করা হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা ও অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আরএফসিডি হিসাবে অর্থ জমার ক্ষেত্রে এ শর্ত নির্ধারণ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেন-সংক্রান্ত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া বসের প্রেম—শেয়ারে বড় দরপতন

টানা পঞ্চমবার ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন করল ইউএস-বাংলা

অনলাইন কেনাকাটা: ক্রেতার সংখ্যা কমে সংকটে বিপণিবিতান

আমদানির চাপে অস্থির ডলার

বাংলাদেশের পর্যটনে তুর্কি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে বিটিবির উদ্যোগ

রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের সমাপ্তি

ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ

‘বিগত সরকারের জিডিপি হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে’

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন: নাসিম মঞ্জুর