হোম > অর্থনীতি

ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সরকারের নিয়ন্ত্রক সংস্থা নিয়মিত দাম বেঁধে দিলেও অত্যাবশ্যকীয় পণ্য এলপি গ্যাসের দাম বছর খানেক ধরে কার্যত নিয়ন্ত্রণহীন। সংশ্লিষ্ট পক্ষগুলো বাড়তি দামের জন্য কমিশন, পরিবহন ব্যয় ইত্যাদি নানা যুক্তি দেখাচ্ছে। এমন প্রেক্ষাপটে মুনাফার কমিশন বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন বেসরকারি এলপিজি ব্যবসায়ীরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আমদানিকারকেরা দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিন গুণ কমিশন বাড়ানোর প্রস্তাব করেছেন। এসব প্রস্তাবের ওপর আজ বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণশুনানির আয়োজন করেছে বিইআরসি।

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকার সময় গত বছরের নভেম্বরে এলপিজির বাজারে অস্থিরতা দেখা দেয়। চাহিদার তুলনায় আমদানি কম—এমন অজুহাত দেখিয়ে প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৫০০-৭০০ টাকা বেশি আদায় শুরু করেন বিক্রেতারা। দেশের বহু এলাকায় এলপি গ্যাস না পেয়ে ভোগান্তি শুরু হয়। এরপর ব্যবসায়ীদের সুবিধা দিতে শূল্ক হ্রাস, আমদানির সীমা বৃদ্ধি, এলসি খোলা সহজতর করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু সবশেষ তিন মাস ধরে আবার এলপি গ্যাসের দামে অরাজকতা চলছে। মাঝে এক মাসে দুইবার দাম বৃদ্ধি করিয়ে নেন ব্যবসায়ীরা। কিন্তু তাতেও নির্ধারিত মূল্যে এলপিজি পাননি ভোক্তারা।

এবার পর্যাপ্ত আমদানি হওয়া সত্ত্বেও গত সেপ্টেম্বর থেকে ১২ কেজির সিলিন্ডার অন্তত এক হাজার টাকা বাড়িয়ে ২৫০০ টাকায় বিক্রি শুরু হয়। অক্টোবরে পণ্যটির নির্ধারিত দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হয়। কিন্তু তাতেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। আগের মতোই ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৫০০ টাকায়।

বিইআরসির কাছে জমা পড়া আবেদনে দেখা যায়, ১২ কেজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব করেছে। অন্যদিকে পরিবেশকেরা ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা, খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন দিয়েছেন।

এলপিজি আমদানির ব্যবসায় ৩০টি নিবন্ধিত কোম্পানি রয়েছে। এর মধ্যে ৬টি কোম্পানি এখন নিয়মিত আমদানি করে থাকে। আর আমদানিকারকদের থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে বোতলজাত করার কাজে যুক্ত আছে ১২টি প্রতিষ্ঠান। একসময় বাজারে নেতৃত্বস্থানীয় পর্যায়ে থাকা বসুন্ধরা ও বেক্সিমকো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসা বন্ধ রেখেছে।

দাবি আদায়ে চাপ সৃষ্টি করতে ১৫ ও ১৬ অক্টোবর ধর্মঘটের ডাক দিয়েছিল এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। সরকারের কড়া হুঁশিয়ারি ও গণশুনানির তারিখ ঘোষণার পরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

দেশে প্রতিমাসে এলপিজির চাহিদা রয়েছে দেড় লাখ টন। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৬ হাজার ও ১ লাখ ৫৭ হাজার টন করে এলপিজি আমদানি হয়েছে। অক্টোবর মাসেও সমপরিমাণ আমদানি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ আমদানি হচ্ছে চাহিদার চেয়েও কিছুটা বেশি।

২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো মাসে মাসে এলপিজির দর ঘোষণার নিয়ম চালু হয়। তখন ১২ কেজির সিলিন্ডারে কমিশন ধরা হয়েছিল ১৪৩ টাকা। তবে আমদানিকারক বা অপারেটরদের দাবির মুখে তা বাড়িয়ে ১৮৬ টাকা এবং পরে ১৯১ টাকা করা হয়।

আওয়ামী লীগ শেষ দফায় টানা দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার সময় বেশ কয়েকবার কমিশন বা মুনাফার হার বাড়ানোর চেষ্টা করেছিলেন আমদানিকারকেরা। তবে তখন তাঁরা সফল হননি। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পরিপ্রেক্ষিতে নতুন সরকার ক্ষমতায় আসায় আবার তাঁরা এদিকে সচেষ্ট হলেন।

সুলভ সরকারি এলপিজি কোথায় যায়, কারা পায়

১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন: সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে মুদ্রানীতির কার্যকারিতা

ইউআইইউতে নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

২০২৭ সালে ঢাকায় ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস সামিট

হাল ফ্যাশন ও এনেক্সের অংশীদারত্বে ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা

টানা পতনের পর এবার সোনার দাম ঊর্ধ্বমুখী, ভরিতে যত হলো

পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ চায় বিএসআরইএ

ইসলামী ব্যাংকের শেয়ার মামলা: সাবেক রাষ্ট্রপতিসহ ২০ জনের তদন্ত প্রতিবেদনের তারিখ পেছাল