টাঙ্গাইলের মধুপুরে গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে তাদের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ‘আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চাই, যেন তারা আমাকে সারা জীবন মনে রাখে।’
আজ বুধবার মধুপুরের পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে মধুপুর (আবিমা) গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি। এ জন্য তাদের দাবিগুলো বিস্তারিতভাবে লিখিত আকারে উপস্থাপন করতে হবে। এসব দাবি ও সমস্যার তথ্য পর্যালোচনা করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তুলে ধরব, যাতে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া যায়।’
গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে ফকির মাহবুব আনাম বলেন, তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মধুপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী-অধ্যুষিত এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রযুক্তিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষা করতে হলে তাঁদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের নিজেদের দাবি ও প্রত্যাশা সুসংগঠিতভাবে তুলে ধরার আহ্বান জানান এবং সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকেরা তাঁদের ঐতিহ্যবাহী রীতিতে নেচে-গেয়ে প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে স্বাগত জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র ও জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, অজয় এ মৃ, ইউজিন নকরেক, আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রিসিল, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর নেতারা।