হোম > সারা দেশ > টাঙ্গাইল

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: টাঙ্গাইলে জামায়াতের আমির

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে দায়িত্বশীলদের সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। জনগণের অধিকার আদায়ে বিরোধী দলকে চৌকিদার ও ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হয়। দেশের যেখানেই অসংগতি দেখা যাবে, সেখানেই তাঁরা কথা বলবেন।’

আজ শনিবার বিকেলে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত টাঙ্গাইল জেলার দায়িত্বশীলদের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কথাগুলো বলেন শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, ‘বর্তমান সরকার কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে আইন পাস করেছে, যা সুস্পষ্ট কোরআনবিরোধী। এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসাবে না, কিন্তু এখন তারা করছে উল্টো।’

বিরোধীদলীয় এ নেতা বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। সংসদের ভেতরে বারবার কথা বলেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। লংমার্চের মাধ্যমে জনগণের দাবি আদায়ের আন্দোলন করা হচ্ছে।’

চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ওই সময়ের পর জনগণ দেশের আমূল সংস্কার চেয়েছিলেন। কিন্তু সরকার ক্ষমতায় এসে প্রতিশ্রুতি থেকে সরে গেছে। গণভোটের রায়ও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, জ্বালানি ও বিদ্যুৎ-সংকটের কারণে শিল্পের উৎপাদন আরও কমতে থাকলে মালিকদের পক্ষে ব্যাংকঋণ পরিশোধ, কারখানা চালু রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে। প্রয়োজনে অন্য খাত থেকে কাটছাঁট করে শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন তিনি।

জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান, বায়তুল মাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, জেলা শিবিরের সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।

আরও পড়ুন: