হোম > সারা দেশ > টাঙ্গাইল

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, টাঙ্গাইলে পালিত হচ্ছে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

টাঙ্গাইল প্রতিনিধি

আজ মঙ্গলবার সকালে ভাসানীর মাজারে ফুলেল শ্রদ্ধা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম শহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা।

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে ভক্ত, অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। ফুলে ফুলে সেজেছে তাঁর মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুলেল শ্রদ্ধা জানান টাঙ্গাইল প্রেসক্লাবের নেতারা। ছবি: আজকের পত্রিকা।

এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবারের সদস্যরা এবং আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।