টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে দিয়েছিল একদল শিক্ষার্থী। তাদের এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
আজ শনিবার দুপুরে উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা তুলে দিয়েছেন স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এ সময় তিনি ওই মায়ের চিকিৎসার জন্য আরও তিন লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ূন কবীর রিপন, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ, থানার ওসি মুরাদ হোসেনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি ক্যানসার আক্রান্ত মায়ের বাড়িতে যাই এবং কলতান বিদ্যানিকেতনে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গ কথা বলি। চিকিৎসার জন্য অনুদান তুলে দিয়েছি। এ জন্য আরও কি ব্যবস্থা করতে হয় তারও খোঁজ নিয়েছি।’
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েক দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিকভাবে অসচ্ছল পরিবারটির পক্ষে তা জোগাড় করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানার পর নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয়, এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ না করে সেই টাকা বন্ধুর মায়ের চিকিৎসায় দেওয়া হবে।
১৬ আগস্ট নাঈমের দাদা আবদুস সাত্তার সিকদারের হাতে ৪০ হাজার টাকা তুলে দেয় তার সহপাঠীরা। পরে বিদ্যালয়ের অন্য শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকেরাও এ উদ্যোগে যুক্ত হন। এ নিয়ে গত ১৬ আগস্ট আজকের পত্রিকাসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ হলে তা প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে ক্যানসার আক্রান্ত ওই মায়ের জন্য সহযোগিতার কথা জানানো হয়।