কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী দলের নাম ব্যবহার করে বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আইসিটি মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই। জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে। তবে প্রতিরোধের নামে বিএনপির কোনো নেতা-কর্মী যেন সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি কিংবা হয়রানিতে জড়িয়ে না পড়েন।
ফকির মাহবুব আনাম আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।