কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গতকাল শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আশিতার বাড়িতে এসে উপস্থিত হন ডং লিয়াং। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
আশিতা উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের প্রবাসী আজমত আলীর মেয়ে।
আশিতা ও ডং লিয়াংয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ল্ডটক নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। ওই অ্যাপের মাধ্যমে প্রায় তিন মাস তাঁরা কথাবার্তা বলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আশিতা সাংবাদিকদের জানান, ডং লিয়াং ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি তাঁকে বিয়ে করবেন।
ডং লিয়াং নিজ ভাষায় কথা বলেন এবং মোবাইল ট্রান্সলেটরের মাধ্যমে জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করতে চান। বিয়ের পর আশিতাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।
চীন থেকে প্রেমের টানে ওই যুবকের সখীপুরে আসার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি মুহূর্তেই উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আশিতার পরিবারের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।