হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিলেট প্রতিনিধি

ভাঙচুর ও লুটপাট করা বাড়ি (ইনসেটে) অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলন। ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নগরীর সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় ২৪ শতক জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, জেলা যুবদলের বহিষ্কৃত নেতা জামাল আহমদ খান ওরফে কালা জামালসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল বাছির খান ইসমাইল (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তাঁদের ২৪ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। একই সঙ্গে জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাতে অভিযুক্ত ব্যক্তিরা রামদা, দা, লোহার রড, পাইপ, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল ও চাকুসহ দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা সেমিপাকা ও টিনশেড ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।

হামলাকারীরা ঘরের টিন, দরজা, জানালা, লোহার রডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল বাছির খান ইসমাইল বলেন, ‘আমরা কেউ এখানে থাকি না। শুধু একজন কেয়ারটেকার থাকেন। অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময়ে তাঁর কাছে গিয়ে চাঁদা দাবি করতেন। প্রথমে দুই লাখ টাকা দাবি করলেও পরে পাঁচ লাখ টাকা চান। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে সবকিছু ভাঙচুর ও লুটপাট করেন তাঁরা। ওয়ার্ড বিএনপির সভাপতির নির্দেশে কালা জামাল ও শফিকের নেতৃত্বে এ হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বর্তমানে আমরা বাড়িটি নিয়ে শঙ্কায় আছি।’

অভিযোগের বিষয়ে জেলা যুবদলের বহিষ্কৃত নেতা জামাল আহমদ খান ওরফে কালা জামাল বলেন, ‘আমি সামনে কাউন্সিলর নির্বাচনে দাঁড়াব। এ কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই। এলাকাবাসীর সঙ্গে ওই বাড়ির কেয়ারটেকারের বিরোধ হয়েছে। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছে। এর আগেও কেয়ারটেকার থানায় অভিযোগ করেছেন। বৃহস্পতিবার আমি সেখানে ছিলাম না। আমি এলাকাবাসীর সঙ্গে আছি।’

অভিযোগের বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কারা ভাঙচুর করেছে, সেটাও জানি না। পুলিশ আমাকে এ ঘটনার কথা জানিয়েছিল। পরে আমি সেখানে গিয়েছিলাম। এলাকাবাসীর সঙ্গে কী একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি।’

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করছেন। ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল রয়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘এটা আমার নলেজে নাই। এ বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি। ওই এলাকায় নিয়মিতই দেখা যায় একটা না একটা ঝামেলা হইছে। আমরা পুলিশকে বলছি নিয়মিত টহল দিতে। আনফরচুনেটলি এখান থেকে কোনো আউটপুট পেলাম না। বৃহস্পতিবারেও আমি পুলিশর ডিসি নর্থ সাহেবকে বলছি সুবিদবাজারের বনকলাপাড়ার যে জায়গাটার ঝামেলা, আপনারা সেখানে স্পেশাল টহলের ব্যবস্থা করেন।’

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার