ডিজেল বিক্রির বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে এক ক্রেতার বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি সপরিবারে পলাতক রয়েছেন।
নিহত ব্যবসায়ী আলী হোসেন (৩৮) উপজেলার বিবিরাই গ্রামের নাজির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। ভাই সেবুল আহমদের সঙ্গে ওই বাজারে ‘উজ্জ্বল স্টোর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি।
অভিযুক্ত শাহীনুল মিয়া (২৭) একই গ্রামের ময়না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে শাহীনুল মিয়া ডিজেল কিনতে উজ্জ্বল স্টোরে যান। এ সময় ব্যবসায়ী আলী হোসেন আগে বিক্রি করা চার লিটার ডিজেলের বকেয়া টাকা দাবি করেন। এতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি স্বাভাবিক করে দেন। কিছু সময় পর শাহীনুল মিয়া আবারও দোকানে গিয়ে আলী হোসেনের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে দোকানির নাকে ঘুষি মেরে সটকে পড়েন শাহীনুল। এতে ওই দোকানির নাক থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত আলী হোসেনের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।