হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে টায়ার পুড়িয়ে তেল-কালি তৈরি, পরিবেশের ক্ষতি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জের বাকাই এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে গড়ে তোলা টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমিতে স্থাপিত এই কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকায় আবাদি জমিতে এই কারখানা গড়ে তোলা হয়েছে। নেওয়া হয়নি পরিবেশ ছাড়পত্র। বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক ও মোটরসাইকেলের পরিত্যক্ত টায়ার সংগ্রহ করে কারখানাটিতে নিয়ে আসা হয়। পরে তা আগুনে গলিয়ে উৎপাদন করা হয় ফার্নেস অয়েল ও কালি। বিষাক্ত ধোঁয়া ও কালি বাতাসে ছড়িয়ে পড়ায় খেতের ধান ও ফলগাছ নষ্ট হচ্ছে। গাছের ফুল-ফল ঝরে পড়ছে। এমনকি পুকুরের পানি দূষিত হয়ে মাছও মারা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানার বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে মাঠে কাজ করা কষ্টকর হয়ে পড়েছে। শ্রমিকেরা মাঠে যেতে চান না। ফলে অনেক কৃষক কম টাকায় জমি বর্গা দিতে বাধ্য হচ্ছেন। পানিতে নামলে হচ্ছে চর্মরোগ। ধানের ফলনও কমে গেছে।

কৃষক সোবহান আলী বলেন, মাছের ডিম সংগ্রহ করে রেণু করার জন্য পুকুরে ছেড়েছিলেন। কিন্তু সব মরে গেছে। আগে আন্দোলনের মুখে কারখানাটি বন্ধ করা হয়েছিল, কিন্তু আবার চালু হয়েছে।

খোদা বক্স নামের আরেকজন বলেন, ‘এই কারখানা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফসলেরও বড় ক্ষতি হচ্ছে।’

কারখানার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা স্বপন শেখ বলেন, টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল ও কালি তৈরি করা হয়; যা ফায়ারিং (আগুন জ্বালানো) কাজে ব্যবহৃত হয়। কালি ইটভাটায় বিক্রি করা হয়।

কারখানা স্থাপনের জন্য সরকারের অনুমোদন আছে কি না, জানতে চাইলে স্বপন শেখ বলেন, ‘স্যারের সঙ্গে কথা বলে অনুমোদনের বিষয়টি জানাতে পারব।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির বলেন, অবৈধভাবে কারখানা স্থাপনের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম বলেন, এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন পুলিশ হেফাজতে

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার

মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তি মারা গেছেন

চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

ট্রাকের ধাক্কায় অটোভ্যানচালক নিহত

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থা